কিডনি ইনস্টিটিউটের চিকিৎসা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে কিডনি রোগ চিকিৎসার ৪২টি ডায়ালাইসিস যন্ত্রের ৩০টি নষ্ট। ডায়ালাইসিসের প্রয়োজন এমন রোগীদের অপেক্ষা করতে হচ্ছে আরও বেশি সময়। এ কারণে কিডনি রোগ চিকিৎসায় দেশের সবচেয়ে বড় এই সরকারি প্রতিষ্ঠানে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
গতকাল বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এই হাসপাতালে গিয়ে দেখা যায় নিচতলায় অভ্যর্থনাকেন্দ্রের সামনে রোগীর দীর্ঘ সারি। ইউরোলজি ও নেফ্রোলজি বহির্বিভাগে রোগীর ভিড়। বেলা একটায় চারতলায় অস্ত্রোপচারকক্ষের সামনেও অনেক মানুষ অপেক্ষা করে আছে চিকিৎসকের ডাক পড়ার অপেক্ষায়।
হাসপাতালের পরিচালক মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে ৭০টি ডায়ালাইসিস যন্ত্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব যন্ত্র চালু হলে সেবার পরিমাণ বাড়বে। এক কর্মকর্তা জানিয়েছেন, এখনকার ডায়ালাইসিস যন্ত্রগুলো ২০০৩-০৪ সালের দিকে কেনা। পিপিপির আওতায় নতুন যন্ত্র বসবে বলে এসব যন্ত্রের মেরামত বা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, কিডনি সম্পূর্ণ নষ্ট বা অকেজো হলে তার চিকিৎসা মাত্র দুটি—কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিস। শরীরের বর্জ্য প্রস্রাবের সঙ্গে বের করতে সহায়তা করে কিডনি। কিডনি নষ্ট হলে ডায়ালাইসিস যন্ত্রের সাহায্যে সেই বর্জ্য বের করা হয়।
তৃতীয় তলার ৮ নম্বর পুরুষ ওয়ার্ডে ভর্তি একজন রোগী জানালেন, ১৯ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। ভর্তির ১৪ দিন পর তাঁর অস্ত্রোপচার হয়। একই ওয়ার্ডে চার দিন আগে ভর্তি হওয়া আরেকজন রোগী বলেন, কবে তার অস্ত্রোপচার হবে চিকিৎসকেরা তা বলেননি। তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন। একাধিক চিকিৎসক বলেছেন, রোগীর চাপ এত বেশি যে কাকে রেখে কাকে ভর্তি করাবেন তা ঠিক করতে হিমশিম খেতে হয়। রাজনীতিক, সাংসদ, মন্ত্রী, ঊর্ধ্বতন আমলা ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের চাপে বা অনুরোধে ভর্তি করানো রোগীর সংখ্যাই বেশি।
হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক কাজী রফিকুল আবেদীন প্রথম আলোকে বলেন, ইউরোলজি বহির্বিভাগে প্রতিদিন ২০০-২৫০ রোগী আসে। এদের মধ্যে ভর্তি করার মতো জরুরি ও জটিল অবস্থা নিয়ে আসে ৬০-৭০ জন। কিন্তু ভর্তি করানো সম্ভব হয় তিন থেকে পাঁচজনকে। তিনি জানান, এই বিভাগে শয্যা আছে ৫২টি। ভর্তি হওয়ার পর ১২ থেকে ১৫ জন রোগীকে হাসপাতালে থাকতে হয়। তাই শয্যা খালি পাওয়া কঠিন।
নেফ্রোলজি বিভাগের অবস্থাও খারাপ। বহির্বিভাগে দৈনিক ২০০-২৫০ জন রোগী আসে। ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন প্রয়োজন এমন রোগী থাকে ৫০ জনের বেশি। এদের ভর্তি করা প্রয়োজন। কিন্তু ভর্তি হতে পারে ১০ থেকে ১৫ জন।
হাসপাতালের দ্বিতীয় তলায় রোগীদের ডায়ালাইসিস করা হয়। সেখানে গিয়ে জানা গেল, ডায়ালাইসিস যন্ত্র আছে ৪২টি। এর মধ্যে ৩০টি নষ্ট। ১২টি যন্ত্র নিয়ে চিকিৎসা চলছে। একজন নার্স জানালেন, সকাল আটটায় ডায়ালাইসিস শুরু করে রাত দুইটা-তিনটা পর্যন্ত চলে। সকাল থেকে বহির্বিভাগে আসা রোগীদের ডায়ালাইসিস করা হয়। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ডায়ালাইসিস করা হয় ভর্তি থাকা রোগীদের।
চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগীর তালিকা ধরে ডায়ালাইসিসের জন্য সময়সূচি সুনির্দিষ্ট করা হয়। কোনো রোগী চলে গেলে (ড্রপ আউট) বা মারা গেলে তালিকায় নতুন রোগী যুক্ত হয়। এই তালিকায় জায়গা পাওয়ার জন্য পাঁচ শতাধিক রোগীর আবেদন এখন জমা আছে। প্রতিদিনই তালিকা লম্বা হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।
নেফ্রোলজি বিভাগের প্রধান মো. আইয়ুব আলী চৌধুরী ১০ বছর আগে এই হাসপাতালে যোগ দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ে রোগী বেড়েছে ১০ গুণ।’ গত এক বছরে এই হাসপাতালে মাত্র চারজনের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, দেশে প্রায় দুই কোটি মানুষ কিডনি-সংক্রান্ত কোনো না কোনো রোগে আক্রান্ত। আইয়ুব আলী বলেন, প্রতিবছর প্রায় ২০ হাজার নতুন রোগী হচ্ছে, যাদের কিডনি প্রতিস্থাপন বা ডায়ালাইসিস দরকার। সরকারি এই প্রতিষ্ঠানে বিনা মূল্যে এবং কিছু ক্ষেত্রে নামমাত্র খরচ করে চিকিৎসা পাওয়া যায়।
পিপিপি পরিস্থিতি: হাসপাতালের পরিচালক জানিয়েছেন, স্বাস্থ্য খাতে দেশের প্রথম পিপিপির ভিত্তিতে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এই হাসপাতালে। ভারতের হায়দরাবাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যানডোর বাংলাদেশি সহযোগী স্যানডোর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি হয় ৭০টি যন্ত্র বসিয়ে ডায়ালাইসিস কেন্দ্র চালু করার। চিকিৎসক ছাড়া কেন্দ্র চালানোর সব ধরনের জনবল দেবে ওই প্রতিষ্ঠান। প্রতিবার দরিদ্ররা ৪০০ টাকা, অন্যরা ২ হাজার ১৯০ টাকা দিয়ে ডায়ালাইসিস করাতে পারবে।
তবে সাবেক পরিচালক রফিকুল আবেদীন জানান, এই প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েক বছর আগে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল ২০১৫ সালের জুনের মধ্যে কেন্দ্র চালু করার। বর্তমান পরিচালক বলেছেন, কোম্পানিটি বলেছিল এ বছরের জুনের মধ্যে কেন্দ্র চালু করবে।
স্যানডোর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের দেশি প্রধান ও পরিচালক মোহাম্মদ এ আর সরকার গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করছেন জুলাই মাসের শেষ নাগাদ সব যন্ত্র দেশে পৌঁছাবে। এরপর তা স্থাপন করা হবে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।