কিডনি চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে বিশিষ্টজনেরা কিডনি রোগ চিকিৎসায় সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকেই সমাজের বিত্তবান মানুষের কাছে পৌঁছাতে হবে।
গতকাল সোমবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশনে দুদিনব্যাপী এ সম্মেলন ও সেমিনার শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, দেশে কিডনি রোগীর সংখ্যা দুই কোটি এবং বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষ কিডনি বিকল হয়ে মারা যান। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং চিকিৎসার সুযোগ সীমিত।
কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কিডনি রোগবিশেষজ্ঞ হারুন অর রশিদ বলেন, কিডনি রোগের সবচেয়ে বড় সমস্যা হলো প্রথম দিকে এর কোনো উপসর্গ দেখা যায় না। যখন ধরা পড়ে, তখন কিডনির ৭৫ ভাগই বিকল হয়ে যায়। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ৬০ ভাগ ক্ষেত্রে চিকিৎসায় রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যায়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘দুভাবে সেবা দেওয়া সম্ভব। অর্থ ও সময় দিয়ে। আমরা অর্থের ওপর জাকাত দিই, সরকারকে ট্যাক্স দিই। আমরা সময়ের ওপর জাকাত দিতে পারি। সারা সপ্তাহে আমরা সবাই পাঁচ ঘণ্টা সচেতনতা বা সেবা দেওয়ার কাজে যুক্ত হলে সুফল পেতে পারি।’
চিকিৎসকেরা বলেছেন, কিডনি বিকল হলে ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন করতে হয়। অন্য বিকল্প নেই। বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সংখ্যা কম। অন্যদিকে ডায়ালাইসিস যন্ত্রও কম। অনুষ্ঠানের বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলাম বলেন, ‘ধনীরা হাসপাতালগুলোয় ডায়ালাইসিস মেশিন দিতে পারেন। এতে দরিদ্ররা উপকৃত হবেন, ধনীরাও প্রচার পাবেন।’
তবে শুধু ডায়ালাইসিস মেশিনের ওপর নির্ভর করলেই চলবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান। তিনি বলেন, ‘আগে অসুস্থ রোগীকে বিদেশে যেতে হতো কিডনিদাতাকে সঙ্গে নিয়ে। এত প্রচুর টাকা খরচ হতো। এরপর বাংলাদেশেই কিডনি প্রতিস্থাপন শুরু হয়। কিছু লোক চক্রান্ত করে কিডনি প্রতিস্থাপন বন্ধ করতে চেয়েছে। এখন প্রতিস্থাপন হয় কম। আমরা আবার চালু করার চেষ্টা করছি।’
জাতীয় সম্মেলনে তিন শর বেশি চিকিৎসক অংশ নিচ্ছেন।