কিডনি নেওয়ার অভিযোগে মামলা, পদে পদে জালিয়াতি
ঠাকুরগাঁও সদর উপজেলার বাবুল চন্দ্র শর্মা নামের এক তরুণকে কৌশলে ভারতে নিয়ে তাঁর একটি কিডনি এক রোগীর শরীরে প্রতিস্থাপনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিস্থাপন করা হয়েছে দিনাজপুরের জনৈক আবু বকর সিদ্দিকের শরীরে।
এ ঘটনায় বাবুল চন্দ্রের মা ১৬ আগস্ট ঠাকুরগাঁওয়ের মানব পাচার দমন ট্রাইব্যুনালে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য র্যা ব-১৩-এর অধিনায়ককে দায়িত্ব দেন। আদেশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আসামিরা হলেন অধীর চন্দ্র বিশ্বাস (৪৮), সুনীল চন্দ্র শীল (৪৫), অরুণ চন্দ্র শীল (২০), কিডনিগ্রহীতা আবু বকর সিদ্দিক (৩৫), তাঁর স্ত্রী নূরজাহান আক্তার (৩০), গ্রহীতার ছোট ভাই নাসিম উদ্দিন (২৮), বড় ভাই আবু সাঈদ (৩৭), আবু বকরের মা সেলিনা বেগম (৫৫) ও আবদুল লতিফ (৫০)।
এজাহারে বলা হয়েছে, গত ১২ জুলাই ভারতের কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালে ওই অস্ত্রোপচার করা হয়। সেখানে বাবুলের কিডনি আবু বকরের শরীরে প্রতিস্থাপন করা হয়।
বাবুল চন্দ্র প্রথম আলোকে বলেন, তিনি ঠাকুরগাঁও শহরের একটি সেলুনে চুল কাটতেন। সেখানে অধীর কুমার বিশ্বাস নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। অধীর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০ ব্যাটালিয়নে চুল কাটার ঠিকাদারি কাজ করতেন। অধীর তাঁকে ঠিকাদারি কাজে সহায়তার প্রস্তাব দেন। প্রস্তাব পেয়ে বাবুল অধীরের সঙ্গে কাজ শুরু করেন। একপর্যায়ে বিজিবিতে স্থায়ী চাকরির প্রলোভন দেখিয়ে বাবুলের রক্ত পরীক্ষার পর ছবি তোলা ও বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে নেওয়া হয়। ২৭ মে কাজের কথা বলে বাবুলকে দিনাজপুরের হিলি সীমান্তে ডেকে নেন অধীর। সেখানে একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে বাবুল সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে চেতনা ফিরে এলে তিনি নিজেকে একটি ফ্ল্যাটে দেখতে পান। পরে তিনি জানতে পারেন, তিনি ভারতের কলকাতায় আছেন।
বাবুল বলেন, ‘আমাকে ওই ফ্ল্যাটে প্রায় এক মাস আটকে রাখা হয়। ওই ফ্ল্যাটের লোকজন আমাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখত। ৯ জুলাই একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১২ জুলাই আমার শরীরে অস্ত্রোপচার করা হয়। পরে আমি জানতে পারি, আমার বাঁ পাশের কিডনি সরিয়ে নেওয়া হয়েছে। ১৬ জুলাই আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। পরে ২৬ জুলাই দেশে ফিরে আসি।’
বাবুলের কাছে সংরক্ষণ করা হাসপাতালের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, বাবুলকে ৯ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে একটি কিডনি নেওয়া হয়।
আবু বকরের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া মধ্য আগ্রা গ্রামে। তাঁর বড় ভাই আবু সাঈদ ও নাসিম উদ্দিন বলেন, আবু বকর এখনো ভারতে চিকিৎসাধীন। তাঁরা আরও বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বকরের সঙ্গে বাবুলের পরিচয় হয়। বাবুল অন্য এক রোগীকে কিডনি দিতে চেয়েছিলেন। এ জন্য বাবুল হাসপাতালে রক্ত পরীক্ষা করতে এসেছিলেন। পরে বাবুল স্বেচ্ছায় তাঁর ভাইকে কিডনি দান করেন। এরপরই বকরের পরিবার ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে। বাবুলের সঙ্গে কোনো অর্থ লেনদেনের সমঝোতা হয়েছে কি না, তা তাঁরা জানেন না।
বাবুলের মা প্রমীলা রানী বলেন, তাঁর ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি অধীর চন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। তখন অধীর তাঁকে বলেন, বাবুল কিডনি বিক্রি করতে হিলি সীমান্ত দিয়ে ভারতে গেছেন। কিডনির দরদাম হয়েছে তিন লাখ টাকা।
অভিযোগ অস্বীকার করে অধীর চন্দ্র বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
প্রমীলা রানী আরও বলেন, বাবুল বাড়ি ফিরে আসার পর শরীরে কাটাছেঁড়ার দাগ দেখতে পান। কারণ জানতে চাইলে বাবুল তাঁকে অপহরণ করে ভারতে নিয়ে কিডনি সরিয়ে নেওয়ার কথা জানান। এরপর প্রমীলা রানী ১৬ আগস্ট ওই মামলা করেন।
বাবুলের সংরক্ষণ করা পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র ঘেঁটে দেখা গেছে, পাসপোর্টে তাঁর ছবি আছে। কিন্তু নাম মো. নাসিম উদ্দিন (২৮)। কিন্তু বাস্তবের নাসিম কিডনিগ্রহীতা আবু বকরের ছোট ভাই। মূলত ছোট ভাই সাজিয়েই বাবুলকে ভারতে নেওয়া হয়।
জানতে চাইলে নাসিম বলেন, ‘কিডনিদাতা কোন পাসপোর্ট-ভিসা নিয়ে ভারতে গিয়েছেন বলতে পারব না। আমি কোনো পাসপোর্টের জন্য আবেদন করিনি। এমনটি করলে ভাই ও ভাবিই করেছেন। তাঁরা আমার নামে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয়তা সনদপত্রও তুলেছেন বলে শুনেছি। তাঁরাই আমার নাম-পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে নিয়েছেন।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ মে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা (ডিআইও-১) মো. রবিউল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিমুর রহমান পাসপোর্ট আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করে পাসপোর্ট কার্যালয়ে ফেরত পাঠান। ৩ মে সহকারী পরিচালক তা দেখে ছাপার জন্য ঢাকা পাঠিয়ে দেন। কিন্তু আবেদনে নাসিমের নাম-পরিচয়ের সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে বাবুলের ছবি সত্যায়িত করা থাকলেও বিষয়টি এড়িয়ে গিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, ‘তদন্ত প্রতিবেদনে আমার নাম থাকলেও তদন্তটি আসলে করেছেন সেলিমুর রহমান।’
যোগাযোগ করা হলে সেলিমুর রহমান বলেন, ‘সরেজমিনেই আবেদনকারীর তথ্য তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর পাসপোর্ট কার্যালয়ের লোকজন আবেদনকারীর ছবি পরিবর্তন করে নিয়ে থাকতে পারেন।’
পাসপোর্ট জালিয়াতির বিষয়ে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমুল কবির বলেন, ‘পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পাসপোর্ট তৈরির পদক্ষেপ নেওয়া হয়। পুলিশের তদন্ত ইতিবাচক হলে আমাদের করার কিছু থাকে না। এ ক্ষেত্রেও তেমনটি হয়েছে।’
দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, পাসপোর্ট প্রত্যাশীর আবেদনপত্রে দেওয়া পরিচয় যাচাই করতে গিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।