বিদেশে কিডনি পাচারের কথা স্বীকার করেছেন নারায়ণগঞ্জের নাফিজ মাহমুদ এবং শরীয়তপুরের মাহমুদুর রহমান ওরফে সুজন। গতকাল শনিবার বিকেলে জয়পুরহাটের বিচারিক হাকিম কামরুল হাসানের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাফিজ ও সুজন এ কথা স্বীকার করেন।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্ত কর্মকর্তা মো. ফজলুল করিম প্রথম আলোকে জানান, জবানবন্দিতে নাফিজ বলেছেন, তিনি আন্তর্জাতিক চিকিৎ সাসেবা কেন্দ্র কলম্বিয়া এশিয়ার বাংলাদেশীয় পরামর্শক অফিসে কান্ট্রি ম্যানেজার হিসেবে চাকরি করতেন। এই অফিসের মাধ্যমে তিনি ১১ জন কিডনিদাতা ও রোগী ভারতে পাঠিয়েছেন।আদালতে দেওয়া স্বীকারোক্তিতে নাফিজ বলেছেন, কিডনি কেনাবেচার দালাল চক্রের হোতা তারেক আজম ও সাইফুল ইসলাম দাউদকে তিনি চিনতেন। বিদেশে কিডনিদাতা ও রোগী পাঠানোর জন্য তাঁরা পান্থপথে তাঁর অফিসেও যেতেন।ওসি ফজলুল করিম আরও জানান, আদালতে স্বীকারোক্তিতে মাহমুদুর রহমান সুজন বলেছেন, অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎ সার টাকা জোগাতে তিনি ২০০৬ সালে কিডনি বিক্রির জন্য তারেকের সঙ্গে যোগাযোগ করেন। এক লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে তিনি নিজের কিডনি বিক্রি করেন। ওই টাকা নেওয়ার জন্য তিনি একাধিকবার তারেকের অফিসে যান। একপর্যায়ে তিনি তারেকের অফিসে চাকরি নেন। ভারতে রোগী ও কিডনিদাতা আনা-নেওয়া, দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ও কিডনিদাতার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও টিস্যু টাইপিং রিপোর্ট সংগ্রহ এবং পাসপোর্ট-ভিসা সংগ্রহের কাজ করতেন তিনি। তবে সিলেটের একজন রোগীর জন্য কিডনি সংগ্রহ করে দিয়েছিলেন সুজন। বিনিময়ে ২৫ হাজার টাকা পান।গত বৃহস্পতিবার রাজধানীর পৃথক দুটি স্থান থেকে মাহমুদুর রহমান সুজন ও নাফিজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার ভোরে তাঁদের কালাই থানায় নেওয়া হয়।