১৯৮৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে মাত্র ৬০০ রোগীর দেহে কিডনি সংযোজন করা হয়েছে। এসব সংযোজনের কাজ বেশির ভাগ ক্ষেত্রেই হয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ও চিকিৎসা-শিক্ষাপ্রতিষ্ঠানে। এর সঙ্গে চিকিৎসকদের কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই।গতকাল বুধবার সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস ও বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে।সংগঠন তিনটির নেতারা বিবৃতিতে বলেন, দেশে কিডনি সংযোজন হয়েছে এমন রোগীর মোট সংখ্যা ৯৫০। এর মধ্যে ৩৫০ জন বিদেশে কিডনি সংযোজন করিয়েছেন। দেশে অঙ্গ প্রতিস্থাপন আইন, ১৯৯৯ অনুসরণ করে চিকিৎসকেরা কিডনি সংযোজন করে থাকেন।চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিডনি/লিভার ব্যবসার সঙ্গে কোনো চিকিৎসক সত্যিকারভাবে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।বিএমএ আরও বলেছে, দেশে কিডনি সংযোজন চালুর কারণে প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। ‘অপপ্রচার’ করে উন্নত চিকিৎসা বন্ধের চেষ্টা প্রতিহত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।