কিডনি ফাউন্ডেশনের দোতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল শনিবার দুপুরে কিডনি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের দোতলা থেকে সিঁড়িতে পড়ে নজরুল ইসলাম তালুকদার (৫০) নামের এক রোগী মারা গেছেন।
নজরুলের গ্রামের বাড়ি ভোলা সদরে। তিনি ভোলা সদরের গণপূর্ত বিভাগের ঠিকাদার ছিলেন। তাঁর পরিবার থাকে মিরপুর-১০ নম্বর এলাকায়। ভোলা ও ঢাকায় আসা-যাওয়া ছিল তাঁর।
পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কিডনি ফাউন্ডেশনের দুইতলা থেকে সিঁড়ি বেয়ে নামার সময় হঠাৎ করেই পড়ে যান তিনি। এতে রেলিং বেয়ে তিনি হাসপাতালের ভেতরে নিচতলায় গিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক চিকিৎসা দেন। পরে ইনস্টিটিউটের কর্মকর্তারা অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যান নিহত ব্যক্তির স্বজনেরা। পরে বিকেলে সোয়া পাঁচটার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হাসপাতালে নজরুলের লাশ দেখতে ও স্বজনদের সান্ত্বনা দিতে যান।
ঘটনাস্থলে যাওয়া মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নেজামুল হক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।