কিডনি ব্যবসায় জড়িত চিকিত্সকদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি ও লিভার ব্যবসার সঙ্গে জড়িত চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্বাস্থ্য আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার বলেন, দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণা করে যে দালালেরা কিডনি-লিভার প্রতিস্থাপনের ব্যবসা করছে, তাদের সঙ্গে রাজধানীর বড় বড় হাসপাতাল জড়িত। পত্রপত্রিকায় ছাপা হয়েছে, গ্রেপ্তার হওয়া লোকজন ল্যাবএইড, ইউনাইটেড হাসপাতালের মতো প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কথা বলছে; কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।মানববন্ধনে স্বাস্থ্য আন্দোলনের কর্মী ইবনুল সাঈদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা আছেন। কিন্তু জয়পুরহাটের কালাইয়ে কয়েক শ মানুষের দেহ থেকে কিডনি প্রতিস্থাপনের খবর পত্রিকায় প্রকাশের পরও সরকার এ বিষয়ে কোনো কথা বলছে না।সৈয়দ মাহবুবুল আলম বলেন, পুরো বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার, কিন্তু সাংসদেরা বিষয়টি নিয়ে একদম চুপ করে আছেন। প্রকাশ্যে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নিলে তাঁরা এ বিষয়ে আলোচনা করবেন কি না, সে প্রশ্ন উত্থাপন করেন তিনি।গতকাল মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীরবতা কেন, তা জানতে চেয়ে বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড বহন করেন।