কিডনিদাতা ও গ্রহীতারা বাধার মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর বয়সে আলিউল আসিফ কিডনি বিকল হওয়া মাকে নিজের একটি কিডনি দিয়েছিলেন। এখন আসিফের বয়স ২৭। আসিফ জানালেন, তিনি একেবারেই সুস্থ আছেন। তাঁর মা–ও সুস্থ আছেন। তিনি আরও বললেন, ‘আমি কিছুদিন আগে বিয়ে করেছি। একটা কিডনি নিয়ে দিব্যি আছি। কোনো অসুবিধা হচ্ছে না।’
মাকে নিজের কিডনি দেওয়ার গল্পটি আলিউল আসিফ শোনান রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের অনুষ্ঠানে। গতকাল বৃহস্পতিবার ছিল বিশ্ব কিডনি দিবস। দিবসটি পালন উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ‘বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
কুষ্টিয়া থেকে আসা একজন নারী অভিযোগ করলেন, তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এই তথ্য জানার পর একটি প্রতিষ্ঠান তাঁকে চাকরি দেয়নি। তিনি বলেন, এখন মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার ওষুধ খেতে হয়। শারীরিকভাবে সুস্থ হলেও ট্রান্সপ্লান্ট করা মানুষ মানসিকভাবে সুস্থ নয়। পরিবার তাঁকে বোঝা হিসেবে দেখে।
কিডনি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কিডনি প্রতিস্থাপনে আইনি জটিলতা দূর করতে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন চূড়ান্ত হওয়ার পথে। আশা করি দ্রুত সময়ের মধ্যে প্রথমে মন্ত্রিপরিষদে ও পরে সংসদে সংশোধনী আইনটি পাস হবে।’ কিডনি দিবস উপলক্ষে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল র্যা লি ও আলোচনা সভার আয়োজন করে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের অনুষ্ঠানে মূল উপস্থাপনায় কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক হারুন অর রশিদ বলেন, এ পর্যন্ত দেশে ১ হাজার ৪৭৪টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। আর দেশের মানুষ বিদেশে গিয়ে প্রতিস্থাপন করেছে এমন ঘটনা ৫৩৪টি।
অধ্যাপক মো. কামরুল ইসলাম বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর কিডনি ডিজিজেসে নিয়মিত কিডনি প্রতিস্থাপন করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে ২০১৬ সালে ৮৪টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। কামরুল ইসলাম, ‘কিডনি প্রতিস্থাপনের জন্য কিডনি দরকার। দেশে দেওয়ার মতো কিডনির খুবই অভাব। আইন কিডনি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে আছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, দান করা মানুষের মৌলিক অধিকার। যেকোনো সুস্থ মানুষ কিডনি দান করতে পারবে, আইনে এমন বিধানই থাকা দরকার।
আলোচনায় অংশ নিয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আইনের মাধ্যমে কিডনি দেওয়ার বিষয়টি অবারিত করা ঠিক হবে না। এতে দরিদ্র মানুষের কিডনি বিক্রির ঝুঁকি বাড়বে।