কিডনির চিকিৎসা সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান
কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এ চিকিৎসার সুযোগ সীমিত। তাই ব্যয়বহুল এ রোগের চিকিৎসায় সহায়তার জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এক সেমিনারের অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলছেন, অনেকেই সেবামূলক কাজে দান করতে চান, কিন্তু কোথায় দান করবেন জানেন না। প্রতিষ্ঠানগুলোকে তাঁদের কাছে পৌঁছাতে হবে।
আজ সোমবার রাজধানীতে আয়োজিত দুদিনব্যাপী জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে আলোচকেরা এ সব কথা বলেন।
মিরপুরে কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ওই সেমিনারে বলা হয়, বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা দুই কোটি এবং বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষ কিডনি বিকল হয়ে মারা যান। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং চিকিৎসার সুযোগ সীমিত। কিডনি বিকল হলে ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সংখ্যা কম এবং ডায়ালাইসিস মেশিনের সংকট প্রকট। চিকিৎসকেরা বলছেন, কিডনি রোগ ধরা পড়ার চিকিৎসা শুরু না করে, আগে সচেতন হওয়া প্রয়োজন। এ জন্য ব্যাপক ভিত্তিতে প্রচার চালাতে হবে।
কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কিডনি রোগ বিশেষজ্ঞ হারুন অর রশিদ বলেন, কিডনি রোগের সবচেয়ে বড় সমস্যা হলো প্রথম দিকে এর কোন উপসর্গ থাকে না। যখন উপসর্গ ধরা পড়ে তখন কিডনির ৭৫ ভাগই বিকল হয়ে যায়। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ৬০ ভাগ ক্ষেত্রে রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যায়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘দুইভাবে সেবা দেওয়া সম্ভব। অর্থ এবং সময় দিয়ে। আমরা অর্থের ওপর জাকাত দিই, সরকারকে ট্যাক্স দিই। আমরা সময়ের ওপর জাকাত দিতে পারি। সারা সপ্তাহে আমরা সবাই পাঁচ ঘণ্টা সচেতনতা বা সেবা দেওয়ার কাজে যুক্ত হলে সুফল পেতে পারি।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলাম বলেন, ‘ধনীরা হাসপাতালগুলোয় ডায়ালাইসিস মেশিন দিতে পারেন। এতে দরিদ্রের উপকৃত হবেন, ধনীরাও প্রচার পাবেন।’ তবে শুধু ডায়ালাইসিস মেশিনের ওপর নির্ভর করলেই চলবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান। তিনি বলেন, ‘আগে অসুস্থ রোগীকে কিডনি দাতাকে সঙ্গে করে বিদেশে যেতে হতো। এত প্রচুর টাকা খরচ হতো। এরপর বাংলাদেশেই কিডনি প্রতিস্থাপন শুরু হয়। কিছু লোকের চক্রান্ত করে কিডনি প্রতিস্থাপন বন্ধ করতে চেয়েছে। এখন প্রতিস্থাপন হয় কম। আমরা রিভাইভ করার চেষ্টা করছি।’
সম্মেলনে তিন শর বেশি চিকিৎসক অংশ নিচ্ছেন। সেমিনারে বলা হয়, যাদের উচ্চ রক্তচাপ ধরা পড়েছে অথচ নিয়ন্ত্রণে নেই তারা ১৫ থেকে ২০ ভাগ এবং যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তারা ৩০ থেকে ৪০ ভাগ কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন।