কিডনির জন্য শিশু অপহরণের অভিযোগে মামলা
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আরজিনা নামের এক শিশুকে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মেয়েটির বাবার দাবি, আরজিনার কিডনি ওই কর্মকর্তার ছেলের দেহে প্রতিস্থাপন করতে চেয়েছিল অপহরণকারীরা। আরজিনা গত বুধবার আদালতে জবানবন্দি দিয়েছে।
ওই পুলিশ কর্মকর্তার নাম আবুবক্কর সিদ্দিক। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এসআই। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আরজিনাকে তিনি রংপুরে নিজের ভাড়া বাসায় কাজের মেয়ে হিসেবে রেখেছিলেন। তাঁর ফ্ল্যাটের নিচে একজন চিকিৎসক থাকেন। তাঁর সঙ্গে কিছুদিন আগে তাঁর বিবাদ হয়েছিল। তাঁদের দুজনের বাড়ি একই গ্রামে। ওই চিকিৎসক মাহমুদুলই ঘটনাটি সাজিয়েছেন। যেহেতু মামলা হয়েছে, এখন তিনি আদালতের মাধ্যমেই বিষয়টির মোকাবিলা করবেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আরজিনা (৭) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাজিপাড়া গ্রামের আক্কাছ আলী ও মরিয়ম বেগমের মেয়ে। দরিদ্র এই দম্পতি ঢাকায় কাজ করেন। আরজিনা থাকে কুড়িগ্রামের উলিপুরের ধরনীবাড়ী ইউনিয়নের রুপারখামার গ্রামে নানা মমিজ উদ্দিনের বাড়িতে। ৬ আগস্ট সন্ধ্যায় মেয়েটিকে তার নানি প্রতিবেশী এক নারীকে ডাকতে পাঠান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ৭ আগস্ট উলিপুর থানায় একটি জিডি করেন মমিজ উদ্দিন।
১৮ আগস্ট রংপুর শহরের একজন চিকিৎসক ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলামকে ফোন করে আরজিনার ব্যাপারে তথ্য দেন। চেয়ারম্যান কয়কজনকে সঙ্গে নিয়ে ওই দিনই রংপুরে গিয়ে আবুবক্করের ভাড়াবাসা থেকে শিশুটিকে উদ্ধার করে আনেন। চেয়ারম্যান শিশুটিকে পরদিন পরিবারের হাতে তুলে দেন।
এদিকে আরজিনা বাড়িতে ফিরে অপহরণকারীদের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রকাশ করে। এতে জানা যায়, এসআই আবুবক্কর সিদ্দিকের স্ত্রী নাজমা বেগম, বোন আয়শা বেগম ও ভাই সাহেব আলী অপহরণে জড়িত। আয়শা বেগমের বাড়ি উলিপুরের ধরনীবাড়ী ইউনিয়নের রুপারখামার গ্রামে। আবুবক্কর সিদ্দিকের বাড়ি ওই ইউনিয়নের টেকতিরপাড় গ্রামে।
আরজিনা প্রথম আলোকে বলে, তাকে একটি ঘরে তালা মেরে রাখা হয়েছিল। সেখানে দিনে দুবেলা খাবার দেওয়া হতো। এর কয়েক দিন পর অপহরণকারীরা তার চুল কেটে দেয়। আরও কয়েক দিন পর চিকিৎসা করানোর কথা বলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়।
আরজিনার বাবা আক্কাছ আলী বলেন, মেয়েটিকে অপহরণ করে নিয়ে রংপুর শহরে এসআই আবুবক্করের বাড়িতে রাখা হয়েছিল। এসআইয়ের ছেলের দুটি কিডনি নষ্ট। আরজিনার কাছ থেকে কিডনি নিয়ে ওই ছেলের দেহে প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল। এ জন্য আরজিনাকে রংপুর শহরের চিকিৎসক মাহমুদুল হাসানের কাছে নিয়ে যাওয়া হয়। তখন সে কান্নাকাটি করলে ওই চিকিৎসকের সন্দেহ হয়। তিনি ধরনীবাড়ী ইউপির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।
মামলা নিতে গড়িমসি
আরজিনার পরিবার অপহরণ মামলা করতে গত মঙ্গলবার উলিপুর থানায় যায়। কিন্তু মামলা নিতে কালক্ষেপণ শুরু করে থানার পুলিশ। তখন পরিবারটি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানায়। চাপে পড়ে মঙ্গলবার রাতে মামলা নেয় পুলিশ। আরজিনা বুধবার বিকেলে কুড়িগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিজানুর রহমানের আদালতে জবানবন্দি দেয়।
উলিপুর থানার ওসি এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, ‘মামলা হওয়ার পর আসামিরা গা ঢাকা দিয়েছেন। তবে আমরা দ্রুত তাঁদের ধরার চেষ্টা করছি।’