কিডনির জন্য শিশুকে হত্যা!
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে অপহরণের পর দুটি কিডনি কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন মামলার অন্যতম আসামি খলিল মিয়া। তাঁর বাড়ি উপজেলার উধুনিয়া ইউনিয়নের তরফবইরা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল বিকেলে একই ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃষক আবদুল মান্নানের ছেলে হারুন নিখোঁজ হয়। ২৬ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় ফইলার বিলের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তলপেট কাটা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার তিন দিন আগে থেকে শিশুটিকে বিস্কুট-চকলেট এনে দিতেন তরফবইরা গ্রামের চাঁদ আলী, আবদুল মতিন ও দেলোয়ার হোসেন নামের তিন ব্যক্তি। এ কারণে নিখোঁজ হওয়ার পর শিশুটির বাবা ওই তিনজনের নাম উল্লেখ করে উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকেই ওই তিনজন পলাতক রয়েছেন। শিশুটির লাশ উদ্ধারের পর ওই জিডি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন, ওই তিনজনের নেতা হলেন খলিল মিয়া।
২৭ এপ্রিল রাতে খলিল মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী থানায় খবর দেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে খলিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক কোহিনূর আরজুমান ১৬৪ ধারায় এই জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দিতে খলিল জানান, ২২ এপ্রিল সন্ধ্যায় চাঁদ আলী, আবদুল মতিন ও দেলোয়ার হোসেন চেতনানাশক পদার্থ দিয়ে শিশু হারুনকে অজ্ঞান করে একটি বস্তায় ভরে নিয়ে যান। রাত দুইটার দিকে উপজেলার উধুনিয়া সেতুর নিচে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও তিনজন অপেক্ষা করছিলেন। তাঁরা সবাই ঢাকার সাভার থেকে এসেছিলেন বলে জানিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। ওই সেতুর নিচে তাঁরা অচেতন শিশুটির দুটি কিডনি কেটে স্যালাইনের প্যাকেটে ভরে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন। ঢাকা থেকে আসা ওই তিন ব্যক্তির ঠিকানা জানাতে পারেননি খলিল। জবানবন্দি শেষে আদালতের নিদের্েশ খলিলকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, লাশ উদ্ধারের পর তলপেটে কাটা দেখেই সন্দেহ হয়। তিনজনের নামে জিডি হলেও তাঁদের প্রধান খলিল এ কাজে জড়িত থাকতে পারেন বলে তথ্য ছিল। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।