কিডনির দালাল চক্র ধরতে পুলিশের অভিযান, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের প্রলোভন দেখিয়ে মানুষের কিডনি বিক্রি করানোর কাজে জড়িত দালাল চক্রের স্থানীয় প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের কালাই থানার পুলিশ।গত রোববার সন্ধ্যা থেকে রাতভর কালাই উপজেলার কয়েকটি গ্রামে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি অভিযানের খবর পেয়ে এ চক্রের সঙ্গে জড়িত অনেকেই গা ঢাকা দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বহুতি মাদ্রাসার নৈশপ্রহরী আবদুস সাত্তার, বৈরাগীবাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা এবং উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর করিম ওরফে ফোরকান। তাঁদের বাড়ি উপজেলার বহুতি গ্রামে। এঁদের মধ্যে আবদুস সাত্তার দালাল চক্রের স্থানীয় প্রধান বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে গ্রেপ্তার ব্যক্তিদের গণমাধ্যমের মুখোমুখি করেন।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল করিম প্রথম আলোকে জানান, কালাইয়ের কয়েকটি গ্রামে কিডনি বেচাকেনা নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হওয়ায় তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। গোয়েন্দা তথ্যে পুলিশ নিশ্চিত হয়, স্থানীয় ১০-১২ জন এবং ঢাকা ও কুড়িগ্রামের তিন-চারজন দালাল অভাবীদের অর্থের টোপ দিয়ে কয়েক বছর ধরে কিডনি বিক্রির তৎ পরতা চালিয়ে যাচ্ছে।মো. ফজলুল করিম আরও জানান, পুলিশ স্থানীয় দালাল চক্রের সদস্য ও বৈরাগীবাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা গ্রেপ্তার হওয়ার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের প্রধান আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে। পরে পুলিশের হাতে ধরা পড়েন দালাল চক্রের আরেক সদস্য আবদুর করিম। অভিযানের খবর পেয়ে অন্যান্য দালাল গা ঢাকা দেয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ: পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, এ এলাকায় অহরহ কিডনি বিক্রি হয়। গরিব মানুষ অভাবে পড়লেই ঢাকায় গিয়ে কিডনি বিক্রি করছে। অনেকেই পরিচয় গোপন করে কিডনি বিক্রি করে। তাই কিডনি বিক্রেতাদের সঠিক পরিসংখ্যান পাওয়া মুশকিল। তবে পুলিশ এ পর্যন্ত ৫০-৬০ জন কিডনি বিক্রেতার নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। পুলিশ ধারণা করছে, এ সংখ্যা শতাধিক। অবশ্য স্থানীয় সূত্রগুলোর দাবি, এ সংখ্যা দুই শতাধিক। অবশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হতে পুলিশ তৎ পরতা চালাচ্ছে।মুখ খুলছেন না চক্রের প্রধান: পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিডনি কেনাবেচার দালালিতে ৯-১০ জনের নাম বললেও নিজে দালালি করেন না বলে দাবি করেছেন আবদুস সাত্তার। সাত্তার পুলিশের কাছে দাবি করেছেন, তিনি ঢাকায় ‘বুরাইজ কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ২০০৬ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ছেলের কিডনি অকেজো হলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে তিনি একটি কিডনি দেন। বিনিময়ে আড়াই লাখ টাকা পান। এরপর চাকরি বাদ দিয়ে এলাকায় এসে মাদ্রাসা পিয়নের চাকরি নেন। তবে পুলিশ নিশ্চিত হয়েছে, সাত্তার এলাকার অভাবী মানুষদের অর্থের প্রলোভনসহ নানাভাবে ফুসলিয়ে কিডনি বিক্রিতে প্রলুব্ধ করতেন। বিনিময়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।