কিনব্রিজ থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে রহস্য
সিলেটের কিনব্রিজ থেকে পড়ে ছাত্রলীগের নেতা আলফু হাসানের (২৮) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত রোববার বিকেলে কিনব্রিজে একটি ছিনতাইয়ের ঘটনার পরপরই উপস্থিত লোকজনের ধাওয়াকালে ছাত্রলীগের এই নেতাকে কিনব্রিজ থেকে পড়ে যেতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সন্ধ্যায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার শুরুতে আলফু হাসানকে পুলিশ ‘ছিনতাইকারী’ বলে শনাক্ত করে। তবে রাতে তাঁর পরিচয় পেয়ে হত্যা মামলা নেওয়ায় ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট নগরের প্রবেশমুখ সুরমা নদীর কিনব্রিজ থেকে বিকেল পাঁচটায় চিৎকার-শোরগোলের পর একজনকে নিচে পড়ে যেতে দেখা যায়। কিনব্রিজ এলাকায় তখন একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজন মোটরসাইকেলযোগে পালানো কয়েকজন ছিনতাইকারীকে ধাওয়া করছিল। লোকজনের চিৎকার-শোরগোলের মধ্যে মোটরসাইকেল রেখে কিনব্রিজ থেকে লাফিয়ে পড়ার ভঙিমায় একজন নিচে পড়ায় উপস্থিত লোকজন ‘ছিনতাইকারী’ পড়েছে বলে পুলিশকে অবহিত করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাকে ছিনতাই করে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানালে রাতে হাসপাতালে গিয়ে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আলফুর পরিচয় নিশ্চিত করেন। আলফু হাসান নগরের কানিশাইল পিডিবি হাইস্কুলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আবদুল খালিকের ছেলে। রাতে আলফুর ভাই আবদুল হামিদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা করেন। পুুলিশ রাত সাড়ে ১২টায় মামলাটি নথিভুক্ত করে। মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার প্রথম আলোকে জানান, খবর পেয়ে তাঁরা হাসপাতালে গিয়ে আলফুর লাশ শনাক্ত করেন। মহানগর ছাত্রলীগের কার্যকরী কমিটির একজন সদস্য ছিলেন আলফু। ছাত্রত্ব শেষ হওয়ায় তিনি নগরের শেখঘাট এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করতেন। তাঁর মৃত্যু সম্পর্কে রাহাত বলেন, ‘এটি রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড নয়। আমাদের ধারণা, তাঁর সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জের ধরে একটি ঘটনা সাজিয়ে কিনব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে।’ সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে দুটো অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি—ছিনতাই করে পালানোর সময় কিনব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু, অপর অভিযোগ মামলায় বলা হয়েছে—অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে তাঁকে কিনব্রিজ থেকে ফেলে দিয়েছে।’ পুলিশ এ দুটো অভিযোগ নিয়ে তদন্ত করছে বলে ওসি জানান।