কিনামনিঘোনা পাড়ায় এখনো ভয় আর আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কিনামনিঘোনা পাড়াটির নামকরণ হয়েছিল পাড়াপ্রধান কিনামনি চাকমার নামে। সেই কিনামনি চাকমা ১৩ জুন পাহাড়ধসে নিহত হন। তাঁর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। ছবিটি গতকাল দুপুরে তোলা l সৌরভ দাশ
রাঙামাটির কিনামনিঘোনা পাড়াটির নামকরণ হয়েছিল পাড়াপ্রধান কিনামনি চাকমার নামে। সেই কিনামনি চাকমা ১৩ জুন পাহাড়ধসে নিহত হন। তাঁর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। ছবিটি গতকাল দুপুরে তোলা l সৌরভ দাশ

রাঙামাটির ভেদভেদীর গহিন অরণ্যে ছোট্ট একটি পাড়া। পাড়ার আদি বাসিন্দা কিনামনি চাকমা। অশীতিপর এই বৃদ্ধের কাছ থেকে জায়গা কিনে ২২টি পাহাড়ি পরিবার বসতি গড়ে তুলেছিল। তাঁর নাম অনুসারে পাড়াটির নাম হয়ে যায় কিনামনিঘোনা। কিন্তু গত ১৩ জুন পাহাড়ের রুদ্র থাবা কেড়ে নেয় পাড়াপ্রধান কিনামনিসহ ছয়জনের প্রাণ। এরপর থেকে ওই পাড়ায় চেপে বসেছে ভয় আর আতঙ্ক। প্রতি রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মাথা গুজছেন পাড়ার বাসিন্দারা।

ভেদভেদী-আসামবস্তি প্রধান সড়ক থেকে সরু মেঠো পথ, কৃষি জমি ও পাহাড় ডিঙিয়ে পাড়াটিতে পৌঁছতে সময় লাগে প্রায় ২০ মিনিট। গতকাল বুধবার ওই পাড়ায় পৌঁছে দেখা যায়, পাহাড়ের খাঁজে ও সমতলে লন্ডভন্ড বসতির চিহ্ন। পাড়াপ্রধান কিনামনির বাড়িটিও ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। ঘরের ভেতর মাটির স্তূপ। চালা ও বেড়া হেলে গেছে।

 ভেদভেদীর স্থানীয় বৌদ্ধ বিহারে গতকাল ছিল কিনামনির পারলৌকিক ক্রিয়া। সেখানে কিনামনিসহ পাহাড়ধসে নিহতদের জন্য প্রার্থনা অনুষ্ঠান হয়। পাড়ার ২২ পরিবারের সদস্যরা প্রার্থনায় অংশ নেন।

প্রার্থনা শেষে কথা হয় পাড়ার কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা জানালেন, ভয় আর অনিশ্চয়তায় তাঁদের দিন কাটছে। দিনের বেলায় পাড়ায় এসে ঘুরে গেলেও রাতে ওখানে থাকার সাহস কেউই করছেন না। পাড়ার ২২ পরিবারের মধ্যে কিনামনিসহ তিন পরিবার স্বজন হারিয়েছে। গৃহহারা হয়েছে ছয়টি পরিবার। তবে গৃহহারাদের একটাই সান্ত্বনা, প্রাণে বেঁচে গেছেন। এ রকমই একজন মনি চাকমা। কিনামনির কাছ থেকে জমি কিনে এখানে বসতি গড়ে তুলেছিলেন প্রায় ১০ বছর আগে। ১৩ জুনের পাহাড়ধস এলোমেলো করে দিয়েছে তাঁর সাজানো জীবন। ওই সকালের দুঃসহ স্মৃতি তুলে ধরে মনি চাকমা বলেন, ‘উত্তর দিকে সোনামনি চাকমার ঘরের ওপর পাহাড়ধসে পড়ার খবর পেয়ে তাঁকে উদ্ধার করি। সকাল ১০টার দিকে আমার ঘর থেকে বউ বাচ্চাকে বের করি। পাড়া প্রতিবেশীদেরকেও নেমে আসতে বলি। এর কিছুক্ষণের মধ্যেই পাহাড় ভেঙে প্রথমে আমার ঘরের ওপর পড়ে। পরে ওই ঘরসহ ভেঙে পড়ে কিনামনির ঘরের ওপর।’

প্রতিবেশীরা জানান, পাহাড়ধসে ঘরে থাকা কিনামনি ও তাঁর স্ত্রী মেলাবো চাকমা আহত হন। হাসপাতালের নেওয়ার পথে কিনামনি মারা যান। মেলাবো এখনো হাসপাতালে। তাঁদের ছেলে শান্তি কুমার চাকমা তখন বাইরে থাকায় রক্ষা পান।

কিনামনির ছেলে শান্তি কুমার বলেন, ‘বাবার নামে এই পাড়া। এখানে যাঁরা বসতি করেছে সবাই তাঁর কাছ থেকে জমি নিয়েছেন। কিন্তু এমন দুর্যোগ হবে ভাবিনি।’

ওই দিন ঘর থেকে বের হয়ে যাওয়ায় পরিবারসহ প্রাণে বেঁচে গেছেন নীলঙ্গা মারমাও। তাঁর ঘরবাড়িও এখন ধ্বংসস্তূপ। নীলঙ্গা মারমা বলেন, ‘কিনামনি আমাদের কার্বারি ছিলেন। পাহাড়ধসে তিনি নিজেই চলে গেলেন। এখন এই এলাকায় বাস করতে ভয় পাচ্ছি।’

একই দিন দুর্যোগে কিনামনিঘোনার সোনামনি চাকমা হারিয়েছেন স্ত্রী সুজিতা চাকমা, ছেলে সাম্য চাকমা ও শ্যালিকা বিপুলা চাকমাকে। এ ছাড়া কিনামনিঘোনার কুন্তিসোনা ও তাঁর মেয়ে স্বান্তনা চাকমাও পাহাড়ধসে সে দিন মারা যান।