কিনারা না হওয়ায় অসহায় বোধ করছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না—এর জবাব দিতে হাইকোর্টের দেওয়া সময় শেষ হতে চললেও ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। নিহত সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, খুনি ধরা না পড়ায় তাঁরা অসহায় বোধ করছেন। সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী মেহেরুন রুনির খুনি আটক বা রহস্য উদ্ঘাটনে অগ্রগতি না হওয়ার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট পুলিশের প্রতি রুল জারি করেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয় এবং খুনিদের আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তার জবাব জানাতে পুলিশকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়। ১৪ মার্চ এ সময় শেষ হবে। কয়েক দিন আগে এ হত্যার মোটিভ (উদ্দেশ্য) নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেও গ্রেপ্তার বা রহস্য উদ্ঘাটনে এ পর্যন্ত দৃশ্যমান বড় অগ্রগতি নেই। এদিকে গতকাল সকালে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কিছু স্বর্ণালংকার শনাক্ত করতে রুনিদের বাসায় গিয়েছিল বলে পরিবার থেকে জানানো হয়েছে। হত্যা মামলার বাদী রুনির ভাই নওশের আলম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ডিবির দুই সদস্য কানের দুল ও একটি স্বর্ণের চেইন নিয়ে তাঁদের রাজাবাজারের বাসায় যান। তাঁরা তাঁর মাকে অলংকারগুলো দেখিয়ে জানতে চান, সেগুলোর মধ্যে রুনির খোয়া যাওয়া কোনো অলংকার আছে কি না। তবে রুনির মা নুরুন্নাহার মির্জা জানিয়েছেন, এগুলো রুনির ব্যবহূত অলংকার নয়। জানতে চাইলে মামলার তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ অলংকার শনাক্ত করতে সাংবাদিক মেহেরুন রুনির বাসায় যায়নি। তবে সাংবাদিক দম্পতি খুন হওয়ার পর তাঁদের বাসা থেকে কিছু স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোনসেট ও নগদ টাকা খোয়া গেছে। গত ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন।