কিনেছেন ১১টি কেটেছেন ১৮টি
চাঁদপুরে এক ঠিকাদার পাউবোর ১১টি গাছ কিনে ১৮টি গাছ কেটে ফেলেছেন। এ ব্যাপারে পাউবো চাঁদপুরের চরবাগাদী পাম্পহাউসের শাখা কর্মকর্তা বদরউদ্দিন মোল্লা গত বুধবার চারজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন, ঠিকাদার সোহেল খান, নান্নু মিয়াজী, ইকবাল হোসেন ময়াজী ও হোসেন মিয়াজী।অভিযোগে উল্লেখ করা হয়, পাউবো চরবাগাদী পাম্পহাউসের বিভিন্ন প্রজাতির ১১টি গাছ কাটার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে। ওই এলাকার আওয়ামী লীগের কর্মী ঠিকাদার সোহেল খান ৭৬ হাজার ৭০০ ৯৭ টাকায় গাছগুলো কিনে নেন। কিন্তু গত মঙ্গলবার ঠিকাদার তাঁর লোকজন নিয়ে দরপত্রবহির্ভূত পাম্পহাউসের চারটি রেইনট্রি ও তিনটি গামারি গাছ কেটে ফেলেন। এ ছাড়া আরও দুটি রেইনট্রি গাছের ডালপালা কেটে ফেলেন তাঁরা। এ সময় পাম্পহাউসের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা বাধা দিলে ঠিকাদার তাঁদের গালাগাল করেন। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ভৌমিক জানান, বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।পাউবো, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) বাবু চন্দ্রশীল জানান, অননুমোদিতভাবে কেটে ফেলা গাছগুলো আটক রাখায় ঠিকাদার সোহেল ও তাঁর লোকজন পাম্পহাউসের কর্মকর্তা এবং নিরাপত্তায় নিয়োজিত আনসারদের হুমকি-ধমকি দিচ্ছেন। এ ব্যাপারে ঠিকাদার সোহেল জানান, তিনি দরপত্র অনুযায়ীই গাছ কেটেছেন। আর হুমকি-ধমকির অভিযোগ সঠিক নয়।