কিন্ডারগার্টেন ছাত্র খুনের মামলার আসামি দেড় বছর পর গ্রেপ্তার
ক্রিকেট খেলায় বচসার জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হওয়া সিলেটের একটি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র জাহেদুল ইসলাম (১৭) হত্যা মামলার এক আসামিকে প্রায় দেড় বছর পর গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাত সাড়ে নয়টায় নগরের বন্দরবাজার থেকে মোহাম্মদ শরীফ নামের এক যুবককে গ্রেপ্তার করলে গতকাল বৃহস্পতিবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করে। সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামছুদ্দিন মাসুমের আদালতে বেলা চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শরীফের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়।পুলিশ জানায়, ২০১০ সালের ১ এপ্রিল নগরের বাদামবাগিচার খেলার মাঠে বন্ধুদের ছুরিকঘাতে খুন হয় জাহেদ। শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির নবম শ্রেণীর ছাত্র ছিল সে। এ ঘটনায় তার বাবা নূরুল ইসলাম সিলেট কোতোয়ালি থানায় চারজনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করলেও কেউ খুনের দায় স্বীকার করছিল না। এক বছর পর মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু মো. শিষ মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়ে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হুমায়ূন ওরফে শান্ত (১৮) ও মোহাম্মদ শরীফ (১৮) ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গত বুধবার রাত সাড়ে নয়টায় মোহাম্মদ শরীফকে বন্দরবাজার থেকে গ্রেপ্তার করলে সে খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়।জবানবন্দিতে শরিফ জানান, বাদামবাগিচা মাঠে ক্রিকেট খেলা নিয়ে জাহেদের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। এর জের ধরে তাঁরা নয়জন তাকে ছুরিকাঘাত করলে জাহেদ মারা যায়।