কিন্ডারগার্টেনের কার্যক্রম তদারক করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আনাচকানাচে গড়ে ওঠা কিন্ডারগার্টেন ও ব্যক্তিপর্যায়ে পরিচালিত বিদ্যালয়ের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী-শূন্য হয়ে পড়ছে। শিগগিরই এসব বিদ্যালয়কে (কিন্ডারগার্টেন) তদারকির আওতায় আনা হবে।
গতকাল রোববার ঢাকার আশুলিয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী গতকাল সকালে প্রথমে আশুলিয়ার টঙ্গাবাড়ীর আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিড’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি দ্বিতীয় শ্রেণিতে বাংলা শিক্ষকের পাঠদান পর্যবেক্ষণ করেন ও অন্যান্য শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এরপর তিনি পাশের সেলামতনগর এলাকার ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) পরিচালিত শিখন স্কুল পরিদর্শন করেন।
ইউএসএইডের আর্থিক সহযোগিতা ও সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় ভার্ক ২০১৪ সাল থেকে রিড প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পঠন দক্ষতা উন্নয়ন করা হচ্ছে।
পরিদর্শন শেষে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখার বিধান রয়েছে। কিন্তু তদারকির আওতায় না থাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ গজের মধ্যেই একাধিক কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।