কিবরিয়া হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা বিচারের জন্য হবিগঞ্জ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা। তিনি মামলাটি মুখ্য হাকিমের আদালতে পাঠানোর পর সেখান থেকে তা হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে যায়।
পরে জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ স্বাক্ষরিত মামলার মূল নথি এবং সরকারি কৌঁসুলি (পিপি) এম আকবর হোসেন স্বাক্ষরিত কেস ডায়েরি কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল বৃহস্পতিবার সিলেটে পাঠানো হয়। মূল নথি ট্রাইব্যুনালের বিচারকের কাছে ও ১৫৬৪ পাতার কেস ডায়েরি ট্রাইব্যুনালের স্পেশাল পিপির কাছে পাঠানো হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ নেতা-কর্মী। আহত হয়েছিলেন ৭০ জন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ থানায় দুটি মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা মামলাটি দীর্ঘদিন তদন্ত করে।
তদন্ত শেষে সিআইডির সিলেট কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেসা পারুল গত বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র (সদ্য বরখাস্ত) আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র (সদ্য বরখাস্ত) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ৩৩ জনকে অভিযুক্ত করা হয়। তাঁদের মধ্যে ১৫ জন কারাগারে, ১০ জন পলাতক ও আটজন জামিনে রয়েছেন।