কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠন ৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যতম আসামি জি কে গউ​ছকে গতকাল আদালতে তোলা হয়
অন্যতম আসামি জি কে গউ​ছকে গতকাল আদালতে তোলা হয়

দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আগামী ৬ জুলাই। গতকাল রোববার শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক মনির আহমদ পাটওয়ারী এই দিন ধার্য করেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, আদালতে অভিযোগ গঠনের জন্য মামলার পূর্বনির্ধারিত তারিখ ছিল গতকাল।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি শুরু হয়। এ সময় অভিযোগপত্রভুক্ত ৩২ আসামির মধ্যে হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, হরকাতুল জিহাদের কয়েকজন সদস্যসহ ২০ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণ উল্লেখ করে আদালতে অনুপস্থিত ছিলেন মামলায় নতুন করে নাম যুক্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। অন্য মামলায় হাজিরার কারণে হরকাতুল জিহাদের মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও এদিন আদালতে হাজিরা দেননি।
১১ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ হয়। এর আগে ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।