কিবরিয়া হত্যা মামলায় আসামি নয়জন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আসামির সংখ্যা আরও নয়জন বাড়িয়ে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চাঞ্চল্যকর মামলা তদন্ত দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত তদারকি সেল। এ মামলায় আসামি করা হবে মোট ২৮ জনকে। মামলায় অবহেলা করায় একজন পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বুধবার তদারকি সেলের পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা জানান। তিনি জানান, সভায় ১৫টি নতুন মামলাসহ ২৫টি মামলা পর্যালোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা এবং শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যা মামলা নিয়েও আলোচনা হয়েছে। সাগর-রুনি হত্যা মামলার কোনো অগ্রগতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছু অগ্রগতি আছে। তবে এখন বলা যাবে না। সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে এ মামলার তদন্তকাজ সম্পন্ন করা হবে। নির্দোষ কাউকে আসামি করা হবে না। এ ছাড়া আমিনুল হত্যা মামলার ব্যাপারে একজন সন্দেহভাজনের অবস্থান ধারণা করা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে এই সেলের সর্বশেষ পর্যবেক্ষণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের ল্যাব থেকে এখনো বৈজ্ঞানিক তথ্য-প্রমাণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যায়নি। সেখান থেকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষার প্রতিবেদনসহ বিস্তারিত অপরাধচিত্রের প্রতিবেদন পাওয়ার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিনুল হত্যা মামলার তদন্তের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাবেক নৌপরিবহনমন্ত্রী আকবর হোসেনের বাসায় গৃহপরিচারিকা বিলকিছ বেগম হত্যা মামলা, মুসা বিন সিরাজ হত্যা মামলা, ফতুল্লায় রাজিবুল ইসলাম হত্যা মামলা, দাউদকান্দিতে অগ্রণী ব্যাংক থেকে টাকা চুরির মামলা, বানিয়ারচর গির্জায় বোমা বিস্ফোরণ মামলাসহ অনেক গুরুতর মামলার তদন্তেও তেমন অগ্রগতি নেই।