সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বিচার দ্রুত করার দাবি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে গতকাল শুক্রবার বিকেলে এক প্রকাশনা উৎসবে তিনি এই দাবি জানান।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় করা দুটি মামলা এখনো বিচারাধীন। গতকাল প্রকাশনা অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী প্রয়াত আসমা কিবরিয়া রচিত শুধুই স্মৃতি নয় গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পারিজাত প্রকাশনী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তারানা হালিম বলেন, ‘আনন্দ ও দুঃখের সংমিশ্রণে আজ একটি ব্যতিক্রমী দিন। এদিনেই শাহ এ এম এস কিবরিয়া নিহত হয়েছিলেন। এই দিনেই খালার বহু প্রতীক্ষিত একটি বই প্রকাশ পেল।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, এক যুগেও কিবরিয়া হত্যা মামলার বিচার না হওয়া দুর্ভাগ্য। তিনি আশা করেন এই হত্যাকাণ্ডের বিচার হবে, অপরাধীরা শাস্তি পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মসূত্রে কিবরিয়া দম্পতি ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বহু দেশে গেছেন। সে সময়কার স্মৃতিকথা নিয়ে আসমা কিবরিয়ার ১২৮ পৃষ্ঠার এই বই শুধুই স্মৃতি নয়। বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।
কিবরিয়া হত্যাকাণ্ডের পর আসমা কিবরিয়া হত্যার বিচারের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০১৫ সালের ৭ নভেম্বর আসমা কিবরিয়া মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানে কিবরিয়া দম্পতির সন্তান ও যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজলী কিবরিয়া বলেন, তাঁর মা গত হওয়ার এক-দেড় বছর আগে এই বই লেখা শুরু করেছিলেন। গত হওয়ার এক দিন আগেও শ্রুতলেখকের সাহায্যে তাঁর মা বই লিখেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ এবং অনেক শুভানুধ্যায়ী কিবরিয়া দম্পতিকে নিয়ে স্মৃতিচারণা করেন।