হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় প্রধান হাতিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডকে।
বিএনপির মেয়র প্রার্থী জি কে গউছের ছেলে মঞ্জুরুল কিবরিয়া তাঁর কারাবন্দী বাবার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলছেন, ‘আপনার একটি ভোটই পারে আমার বাবাকে কারামুক্ত করতে।’
তাঁর এই প্রচারণার প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, কিবরিয়ার হত্যা মামলা আসামি জি কে গউছকে মেয়র প্রার্থী করে এই হত্যাকাণ্ড আড়াল করতে চাইছে বিএনপি। আর বাবার পক্ষে এসব আবেগময় কথা বলে ভোটারদের সঙ্গে প্রতারণা করছেন মঞ্জুরুল।
তবে ভোটাররা দুই দলের এই নির্বাচনী প্রচারণাকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন।
এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান। বিএনপির প্রার্থী জি কে গউছ, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বরখাস্ত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আবদুল কাইউম ও ন্যাশনাল পিপলস পার্টির আবদুল কাদির।
আর মাত্র তিন দিন পর ভোট। দিন যত ঘনিয়ে আসছে, ভোটারদের মন জয় করতে ততই কৌশলী হয়ে উঠছেন প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা।
জি কে গউছ পৌরসভার টানা দুবারের মেয়র ছিলেন। কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁকে মেয়রপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাঁর পক্ষে ভোট চাইছেন স্ত্রী ফারহানা হ্যাপি ও তাঁদের ছেলে মঞ্জুরুল কিবরিয়া।
গত শনিবার মঞ্জুরুল বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে বলেন, ‘আমার বাবাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যা মামলায় জড়ানো হয়েছে। আপনাদের একটি ভোট পারে আমার বাবাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে বা কারামুক্ত করতে।’
এদিকে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান ভোটারদের কাছে বলছেন, কিবরিয়া হত্যাকাণ্ড আড়াল করতে এই মামলার আসামিকে বিএনপি মেয়র প্রার্থী করেছে। তাঁর পক্ষে হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহিরের স্ত্রী আলেয়া জাহিরও প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কিবরিয়া হত্যার সুষ্ঠু বিচার পেতে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিন। হত্যা মামলার আসামি জি কে গউছকে নয়, আতাউরকে জয়যুক্ত করুন।
শহরের ভোটার জয়ন্ত দাস বলেন আমরা আবেগ প্রবণ জাতি, যে কারণে প্রার্থীরা আবেগ নিয়ে খেলা করছেন। এই পৌরসভায় কিবরিয়া হত্যাকাণ্ড এখন নির্বাচনী প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
খালেদা বেগম নামের আরেকজন ভোটার বলেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই রাজনৈতিক কৌশল করছেন। যাঁদের কথা ভোটারদের কাছে বিবেচিত হবে তিনিই জয়ী হবেন।