কিবরিয়া হত্যার অভিযোগপত্র ফের দাখিলের নির্দেশ

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেননি আদালত।
আজ বুধবার দাখিল করা অভিযোগপত্রে দুজন আসামির নাম-ঠিকানা ভুল থাকায় তা সংশোধন করে ফের দাখিলের নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ কগনিজেন্স কোর্ট-১-এর বিচারক রোকেয়া বেগম। নাম-ঠিকানা সংশোধনের জন্য তদন্ত কর্মকর্তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর কিবরিয়া হত্যায় আদালতে তৃতীয়বারের মতো সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা। এই অভিযোগপত্রে বিএনপির নেতা হারিছ চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া গউছ ওরফে জি কে গউছ, সিলেটের মেয়র ও বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী এবং হাফেজ মো. ইয়াহিয়া, আবু বকর করিম, দেলোয়ার হোসেন রিপন, শেখ ফরিদ, আবদুল জলিল ও শেখ আবদুল সালামসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়।
পরে আসামি কয়েকজনের নাম ও ঠিকানা ভুল থাকায় তা সংশোধনের জন্য আজ আদালতে আবেদন করেন মেহেরুন নেছা। আবেদনে তিনি উল্লেখ করেন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের নাম ও ঠিকানায় ত্রুটি রয়েছে, এর সংশোধন প্রয়োজন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নাম-ঠিকানা সংশোধন করে ২১ ডিসেম্বর সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। একই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মী নিহত হন। আহত হন ৭০ জন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে ২০০৫ সালের ২৮ জানুয়ারি হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রক আইনে দুটি মামলা দায়ের করেন।