কিবরিয়া হত্যার দ্রুত বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আজ শুক্রবার বিকেলে এক প্রকাশনা উৎসবে তারানা এ দাবি জানান। পারিজাত প্রকাশনী এই অনুষ্ঠানের আয়োজন করে।

তারানা হালিম বলেন, ‘আনন্দ ও দুঃখের সংমিশ্রণে আজ একটি ব্যতিক্রমী দিন। এই দিনে শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। এই দিনেই আমার খালার (এ এম এস কিবরিয়ার স্ত্রী) বহু প্রতীক্ষিত একটি বই প্রকাশ পেল।’

আসমা কিবরিয়া সম্পর্কে স্মৃতিচারণা করে প্রতিমন্ত্রী বলেন, ‘স্বামী হত্যার প্রতিবাদে খালা কাউকে একটিও কটু কথা বলেননি। কারও নিন্দা করেননি। স্বামী হত্যার বিচার চেয়ে কারও বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেননি। শান্তির মাধ্যমেও প্রতিবাদ হয়—তিনি তা দেখিয়েছিলেন। এটি অনেক বড় একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ধারা।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, এক যুগেও কিবরিয়া হত্যা মামলার বিচার হলো না। আমরা আশা করব, এই হত্যাকাণ্ডের বিচার হবে, অপরাধীরা শাস্তি পাবে।’

অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া রচিত ‘শুধুই স্মৃতি নয়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সূত্রে কিবরিয়া দম্পতি ১৯৮১ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিশ্বের বহু দেশ ভ্রমণ করেন। এই বইয়ে সেসব ভ্রমণের স্মৃতিকথা লিখেছেন আসমা কিবরিয়া। বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। বইটির দাম ২৫০ টাকা।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। সেদিন থেকেই আসমা কিবরিয়া তাঁর স্বামীসহ পাঁচজনের হত্যার বিচারের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন। মৃত্যুর প্রায় দেড় বছর আগে থেকে আসমা কিবরিয়া এই বই লেখা শুরু করেছিলেন। ২০১৫ সালের ৭ নভেম্বর আসমা কিবরিয়া মারা যান।

অনুষ্ঠানে কিবরিয়া দম্পতির সন্তান ও যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজলী কবীর বলেন, তাঁর মা মারা যাওয়ার এক-দেড় বছর আগে এই বই লেখা শুরু করেছিলেন। মৃত্যুর একদিন আগেও শ্রুতিলেখকের সাহায্যে তাঁর মা বই লিখেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদসহ শুভানুধ্যায়ীরা আসমা কিবরিয়া দম্পতিকে নিয়ে স্মৃতিচারণা করেন।