কিবরিয়া হত্যা মামলা: বাবরের অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থ থাকায় তাঁর অনুপস্থিতিতেই আজ বুধবার মামলার দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করেন।

১২ নভেম্বর বাবরের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে মামলার নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি চান তাঁর পক্ষের আইনজীবী। আদালত তখন বাবরের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের ধার্য করা হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর বলেন, গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত আটজন সাক্ষ্য দিয়েছেন।

আদালত সূত্র জানায়, আজ সাক্ষ্য দিয়েছেন ওই গ্রেনেড হামলায় আহত মিজানুর রহমান ও নজরুল ইসলান। আজ বেলা সাড়ে ১১টার দিকে মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১২ আসামিকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে আদালতের আদেশে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। তিনি এখন কারা হেফাজতে ঢাকায় চিকিৎসাধীন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। দীর্ঘ ১০ বছর পর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত ১৩ সেপ্টেম্বর হত্যা মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। এ মামলায় ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে।