কিবরিয়া হত্যা মামলার বিচারকাজ শুরু হবে খুব শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই বিচারকাজ শুরু হবে। তিনি গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ এতে সভাপতিত্ব করেন। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ, স্থানীয় সাংসদ আবু জাহির, আবদুল মজিদ খান, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ এতে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদ হাসান স্বাগত বক্তব্য দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের ডাকা হরতাল সম্পর্কে বলেন, সরকার যখন উন্নয়নমূলক কাজ করছে, তখন একটি মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কথায় কথায় তারা হরতাল আহ্বান করে।মন্ত্রী বলেন, ‘পাসপোর্ট-ব্যবস্থাকে বিশ্বমানের করার ব্যবস্থা নেওয়া হয়েছে। গত নির্বাচনের ইশতেহার অনুযায়ী, ২০২১ সালের মধ্যে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে জনগনের অব্যাহত সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।’ তিনি বলেন, দেশের ৩৪টি স্থানে পাসপোর্ট অফিস রয়েছে। এর মধ্যে ১৯টি স্থানে পাসপোর্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, অতীতের তুলনায় অনেক বেশি ধৈর্যের পরিচয় দিয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সম্প্রতি আড়িয়ল বিল নিয়ে ঘটে যাওয়া পরিস্থিতি এর প্রমাণ।