কিবরিয়া হত্যা মামলায় আবারও পেছাল অভিযোগ গঠন
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় চতুর্থবারের মতো পেছাল অভিযোগ গঠন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামী ৩ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
চতুর্থ দফায় আজ এই মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হলেও অসুস্থতার জন্য হাজির করা হয়নি মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে। সরকার পক্ষের আইনজীবী কিশোর কুমার কর বলেছেন, সব আসামি হাজির না হওয়ায় আদালত অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে ২১ জুন, ৬ জুলাই ও ১৪ জুলাই ছিল বহু আলোচিত এ মামলার অভিযোগ গঠনের তারিখ।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জন নতুন করে অভিযুক্ত হন। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আদালতে আত্মসমর্পণ করলে দুজনকে কারাগারে পাঠানো হয়। ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে।
মামলাটি হবিগঞ্জ থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর প্রথম ২১ জুন অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। মামলার ৩৫ আসামির মধ্যে ১৪ জন বর্তমানে কারাবন্দী।