কিবরিয়া হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা পেছানোর পর আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

এ নিয়ে এই মামলায় দুই দফায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, আজ আদালতে আবদুর রউফ ও ইরফান আলী সাক্ষ্য দিয়েছেন। আগামী ১১ ও ১২ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

সাক্ষ্যগ্রহণকালে আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছসহ ১৩ আসামি হাজির ছিলেন। আদালতের নির্দেশে ঢাকায় চিকিৎসাধীন সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দেন।

এর আগে ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ নভেম্বর এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্যগ্রহণ হয়নি।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিচারকাজ চলছে। এই মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে আছেন, ১৪ জন কারাগারে। বাকি ১০ জন পলাতক।