কিবরিয়া হত্যা মামলায় পাঁচ আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড মামলার পাঁচ  আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার মামলার নিয়মিত হাজিরার তারিখে আসামিরা এই আবেদন করলে আমলি আদালত-১-এর বিচারক রোকেয়া খাতুন তা নামঞ্জুর করেন।

আজ কিবরিয়া হত্যা মামলার হাজিরার তারিখে তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মুমিন, শাহেদ আলী, সেলিম আহমেদ ও আয়াত আলী হাজির হন। সময়ের আবেদন করেন এ কে এম আবদুল কাইয়ুম, জালাল আহমেদ ও জমির আলী।

আসামিদের পক্ষে আইনজীবী আ. হাই আদালতকে বলেন, যেহেতু কিবরিয়া হত্যা মামলার বর্ধিত তদন্তে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি; সেহেতু তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

বাদীপক্ষের আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল বলেন, যেহেতু অধিকতর তদন্তের অভিযোগপত্র এখনো দাখিল করা হয়নি; তাই তাঁদের অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।

মামলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুন।

সাবেক অর্থমন্ত্রী ও তত্কালীন সাংসদ শাহ এ এম এস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ-পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় শিকার হন। এই নির্মম হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। হামলায় কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগের নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। মারাত্মকভাবে আহত হন শতাধিক ব্যক্তি। এ ঘটনায় হবিগঞ্জ-১ আসনের বর্তমান সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। বাসস।