কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখে আবদুল মতিন, আবদুল কাইয়ুম ও ঈমান আলী নামের তিনজনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে দুই দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর জানান, এ মামলায় সাক্ষী ১৭১ জন। গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জের সাংসদ আবদুল মজিদ খান সাক্ষ্য দেওয়ার পর আজ ও আগামীকাল দুই দিনব্যাপী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছিলেন আদালত। ধার্য করা তারিখে তিনজনের সাক্ষ্য নেওয়া শুরু হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে সাংসদ আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ থানায় দুটি মামলা করেন। দীর্ঘ ১০ বছর পর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে হত্যা মামলার বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে।
আলোচিত এ ঘটনায় প্রথম দফায় ২০০৫ সালের ২০ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ জনকে আসামি করে হবিগঞ্জ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২০ জুন সিআইডি দ্বিতীয় পর্যায়ে তদন্ত করে নতুন করে চারদলীয় জোট সরকার আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা লুত্ফুজ্জামান বাবর ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১৬ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। সর্বশেষ গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
অভিযোগপত্রে নতুন করে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা জি কে গউছ, বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ নয়জনকে আসামি করা হয়। সব মিলিয়ে এ মামলায় ৩২ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে লুত্ফুজ্জামান বাবর, আরিফুল হক, জি কে গউছ, মুফতি হান্নানসহ ১৪ জন কারাগারে রয়েছেন। আটজন জামিনে আছেন। বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক।
চলতি বছরের ২১ জুন মামলাটি হবিগঞ্জ আদালত থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এরপর আটবার অভিযোগ গঠনের তারিখ বদল হয়।
অভিযুক্ত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ জানুয়ারি এক আদেশে আরিফুল ও গউছকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। আরিফুল হক অসুস্থ থাকায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে তাঁর পক্ষে আইনজীবীর হাজির থাকার বিষয়টি মঞ্জুর করেছেন আদালত। আরিফুল বর্তমানে ঢাকায় আদালতের নির্দেশে কারা হেফাজতে উন্নত চিকিৎসা নিচ্ছেন।