কিবরিয়া হত্যা মামলায় হাজিরা দিলেন আরিফুল ও গউছ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সদ্য জামিনে মুক্ত সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ।
গতকাল বুধবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে হাজিরা দেন তাঁরা। শুনানি শেষে ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর জানান, কোনো সাক্ষী না থাকায় বিচারক শুনানি শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন। মামলার সম্পূরক অভিযোগপত্রে নাম আসায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার পর থেকে কারাগারে ছিলেন এই দুই জনপ্রতিনিধি।
২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা হলে যুবলীগের এক কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আরিফুলসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে দুই মামলাতেই কারাবন্দী অবস্থায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।