কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে বেঁকে বসে জোট সরকার
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা-সংশ্লিষ্ট সীমিত কিছু কাগজপত্র মার্কিন দূতাবাসে দেয় চারদলীয় জোট সরকার। তবে দূতাবাসে ওই হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ কিংবা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দিতে বেঁকে বসে সরকার। উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এসব তথ্য পাওয়া গেছে। ঢাকার মার্কিন দূতাবাস ২০০৫ সালের ১ মার্চ এই নথি তৈরি করে।তারবার্তায় বলা হয়, কিবরিয়া হত্যা মামলায় সরকারের পক্ষ থেকে যেসব কাগজপত্র সরবরাহ করা হয়েছে, তাতে বিষয়টি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। দূতাবাস এসব কাগজপত্র পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিতে পাঠানোর প্রস্তুতি নেয়।তারবার্তায় আরও বলা হয়, ২০০৫ সালের ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোহসিন ওই হত্যা মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে ছিল, অপরাধ চিহ্নের ৩৪টি ছবি, গ্রেনেডের বিভিন্ন অংশ, বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন, আক্রমণ দৃশ্যের ছোট একটি স্কেচ, ময়নাতদন্তের অনুলিপি ও তদন্তের বিবরণ।দেড় পৃষ্ঠার ‘তদন্ত প্রতিবেদন’ তৈরি করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একজন কর্মকর্তা। হামলায় আর্জেস জাতীয় হাত গ্রেনেড ব্যবহার করা হয় বলে ‘তদন্ত প্রতিবেদনে’ উল্লেখ করা হয়েছে। ওই তারবার্তায় বলা হয়, দূতাবাসে তদন্তের যে বিবরণ দেওয়া হয়, তাতে কারও স্বাক্ষর ছিল না।