কিবরিয়া হত্যাকাণ্ডের ষষ্ঠবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার ষষ্ঠবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এই দীর্ঘ সময়েও মামলার কার্যক্রম শুরু হয়নি। তবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অচিরেই বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, তদন্ত করে পাওয়া তথ্য যাচাই-বছাই শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই মুফতি হান্নান ও লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। তিনি জানান, ওই ১৪ জনের মধ্যে নয়জন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন: লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নান, আবু জান্দাল, মহিব উল্লাহ, শরীফ সাহেদুল আলম ওরফে বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ ওরফে নিমু, বদরুল আলম ওরফে মিজান, মিজানুর রহমান ও আবুল মাজেদ বাট। তাঁদের কয়েক দফা জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি। পলাতক রয়েছেন মাওলানা তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মোহাম্মদ আলী ও বদরুল আলম। এ ছাড়া এ মামলায় জড়িত আহসান উল্লাহ কাজল মারা গেছেন। আর ইউসুফ বিন শরীফের পরিচয় শনাক্ত করা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুফতি হান্নান ও সৈয়দ নাঈম কিবরিয়া হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এ ছাড়া মিজানের স্বীকারোক্তি অনুযায়ী হামলায় ব্যবহূত মোটরসাইকেল ও গ্রেনেড রাখা ট্রাংক উদ্ধার করা হয়েছে। কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘পুনরায় যে তদন্ত চলছে, তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’ তিনি অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্তকাজ করতে পারছেন না। জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমন অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়নি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অর্থের উৎস খুঁজে বের করা হয়নি। এই অভিযোগ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।মামলার বাদী ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খান বলেন, ‘২০১১ সালের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে বলে আশা করছি।’২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন। আহত হন অন্তত ৭০ জন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ খান ২৮ জানুয়ারি হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমানকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি শহীদ জিয়া ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও তৎকালীন হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে মামলার বাদী এবং কিবরিয়ার পরিবার এই মামলার অধিকতর তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। পাশাপাশি বাদী ২০০৯ সালের ২৫ আগস্ট মামলাটি পুনরায় তদন্ত ও সম্পূরক অভিযোগপত্র দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার নথি পাঠিয়ে দেন। এদিকে, দেশের বিভিন্ন স্থানে গ্রেনেড হামলার তদন্ত করতে গিয়ে কিবরিয়া হত্যা মামলার সঙ্গে জেএমবির সম্পৃক্ততা পায় সিআইডি। পাশাপাশি সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আগের অভিযোগপত্রের সঙ্গে দ্বিমত পোষণ করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তদন্ত শুরু করেন। তিনি সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার জন্য আদালতের কাছে কয়েক দফা সময় নেন।