কিবরিয়া হত্যায় বিস্ফোরক মামলার শুনানি হয়নি
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি হয়নি।
আজ এ মামলায় শুনানির দিন ধার্য ছিল। তবে এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে আজ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা আদালত বর্জন করায় শুনানি হয়নি। এ ছাড়া কোনো আসামিকে আজ আদালতে হাজির করা হয়নি।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ এ মামলায় পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন ১৭ নভেম্বর।
কিবরিয়া হত্যায় বিস্ফোরক মামলার অভিযোগপত্র গত ৫ আগস্ট হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা অভিযোগপত্র গ্রহণ করে গত ১৩ অক্টোবর তা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাঠান। আদালতে দাখিল করা এ মামলার অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ৩২ জনকে অভিযুক্ত করা হয়। একই ব্যক্তিরা কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত। লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছ ও মুফতি হান্নানসহ ১৪ জন বর্তমানে কারাগারে আছেন। আর হারিছ চৌধুরীসহ পলাতক আছেন ১০ জন। জামিনে আছেন আটজন।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে পরের দিন হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।