কিরণে আলোকিত প্রতিবন্ধীরা

প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়ার স্বপ্ন দেখেন মিজানুর রহমান (কিরণ)। স্বপ্ন পূরণে কাজও শুরু করেছেন। ২০০৮ সালে গড়ে তুলেছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) নামের একটি সংগঠন। বর্তমানে তিনি এর প্রেসিডেন্ট। অপ্রতিবন্ধী ব্যক্তি হয়ে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে যেয়ে তাঁকে মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিবন্ধকতার। তবুও তিনি দমে যাননি।
মিজানুর বললেন, ‘আমি প্রতিবন্ধী ভাই-বোনদের বলি, তোমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হলাম আমরা। আমরা পরিবর্তন করতে চাচ্ছি আমাদের প্রজন্মকে, যারা ভবিষ্যতে নীতি-নির্ধারণী পর্যায়ে যাবে। একটি প্রজন্মের মন-মানসিকতার পরিবর্তন করতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর বেশি অ্যাডভোকেসি করতে হবে না।’
লক্ষ্য অর্জনে তরুণদের নিয়ে কাজ করছে মিজানুরের পিডিএফ। বর্তমানে পাবলিক ও বেসরকারিসহ মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ে পিডিএফের কমিটি কাজ করছে। প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এসব কমিটি পরিচালনা করছেন। নিজেরা চাঁদা দিয়ে প্রয়োজনীয় খরচ মেটান সদস্যরা।
এই টিম-স্পিরিটকে বড় পাওনা বলে মনে করেন মিজানুর। তিনি বলেন, ‘পিডিএফসহ বিভিন্ন সংগঠনের সহায়তায় বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা সম্ভব হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসকে প্রতিবন্ধীবান্ধব করার অঙ্গীকার করেছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যাতে প্রতিবন্ধিতা নিয়ে গবেষণা করতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোটা বাড়ানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘সামার চ্যালেঞ্জ’ নামে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সিআরপিতে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানে সারা দিন কাটান। সারা বছর প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কাজ করেন। এর ভিত্তিতে একটি দল পুরস্কৃত হয়।’
মিজানুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেছেন। ২০১২ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সুরাইয়া আকতারকে বিয়ে করেন। এই দম্পতির ১০ মাস বয়সী এক ছেলে আছে। মিজানুর বর্তমানে ব্র্যাকের অ্যাডভোকেসি বিভাগের জ্যেষ্ঠ সোশ্যাল কমিউনিকেটর হিসেবে কাজ করছেন।
স্ত্রীর প্রতিবন্ধিতা সংসারে কোনো সমস্যার সৃষ্টি করে কি না-জানতে চাইলে মিজানুর বলেন, ‘ছেলে বড় হচ্ছে। সে দৌড়ে চলে যায়। তাকে ধরতে গিয়ে ছেলের ওপরই পড়ে যায় আমার স্ত্রী। কিংবা, স্ত্রী রান্না করছে। লবণ দেবে, কিন্তু লবণ কোথায় আছে বুঝতে পারে না। তখন যে কেউ একটু সহায়তা করলেই হয়। বিষয়গুলো খুব বড় কিছু না।’
প্রতিবন্ধীদের নিয়ে কাজে আগ্রহী হওয়ার বিষয়ে মিজানুর সিআরপির ভ্যালরি এন টেইলরের কথা স্মরণ করেন। কারণ ভ্যালরি তাঁকে বলেছিলেন, ‘আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছি। কিন্তু গণসচেতনতা তৈরি করতে পারছি না।’ এই কথায় উৎসাহিত হয়ে প্রথমে তিনি নিজের বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন, পরে অন্য বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করেন।
মিজানুরের পিডিএফ স্বপ্ন দেখছে, ‘লাইট হাউস’ নামের একটি প্রকল্পের মাধ্যমে এমন ব্যবস্থা করা যাতে একটি নির্দিষ্ট নম্বর টিপলেই প্রতিবন্ধীরা চাহিদা অনুযায়ী সেবা পান। এমন একটি তথ্যভান্ডার থাকবে, তা থেকে কোন প্রতিবন্ধী কোন ধরনের চাকরি করতে পারবেন সেগুলোসহ তাঁদের নানা প্রয়োজনীয় জিনিস থাকবে।