কিরিচ বাবুলকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম হিরু।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, কিরিচ বাবুলের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। তাঁর ভয়ে এলাকার লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে আসছে না। বাবুলের বৈধ অস্ত্রটির লাইসেন্স বাতিল করা এবং নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ ফাঁড়ি বসানোরও দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাবুল প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে ধরছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ কুতুবী, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজি বেলায়েত হোসেন ও জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মো. আজম প্রমুখ।
স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ কুতুবী দাবি করেন, দেড় বছর আগে স্কুলের নামে কিছু জায়গা কেনা হয়। কিন্তু জায়গাটি কিরিচ বাবুল তাঁর নিজের দাবি করে স্কুল কর্তৃপক্ষকে হুমকি দিয়ে আসছেন। গত সোমবার দলবল নিয়ে জায়গাটি দখল করতে আসেন তিনি। এ ঘটনায় স্কুলের পক্ষ থেকে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কিরিচ বাবুলের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, কিরিচ বাবুলকে ধরতে পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার রাতেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তাঁর বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল করতে মঙ্গলবার লিখিতভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।
গত সোমবার নগরের বাকলিয়া আফগান মসজিদ এলাকায় জায়গা দখল নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বাধলে কিরিচ বাবুল সহযোগীদের নিয়ে তাঁর লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি ছোড়েন। এ সময় ইমন হাছান নামের এক শিশু স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে কিরিচ বাবুলও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ওই দিন রাতে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন শফিউল আজম হিরু।