কিরিচ বাবুলের রিমান্ড আবেদন গোপনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলের রিমান্ড আবেদন গোপন করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে এ অভিযোগ দায়ের করেন একটি মামলার বাদী আবু মোহাম্মদ আরিফ।
তিনি অভিযোগে উল্লেখ করেন, নগরের বাকলিয়া খেজুরতলা এলাকায় মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এমরানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়ার পর ৫ সেপ্টেম্বর কিরিচ বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কিরিচ বাবুলের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই মামলায় পুলিশ তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করে ১১ সেপ্টেম্বর আদালতে পাঠান। সেই দিন কিরিচ বাবুলের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। থানা পুলিশ থেকে পাঠানো রিমান্ড আবেদন উপস্থাপন করা হয়নি আদালতে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘১১ সেপ্টেম্বর দুপুর পৌনে দুইটায় জামিন আবেদনের শুনানি হয়। ওই সময় কোনো রিমান্ডের আবেদন পাওয়া যায়নি। বিকেল চারটায় রিমান্ডের আবেদন আমরা পাই।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, আসামির সঙ্গে রিমান্ডের আবেদনও পাঠানো হয়েছিল আদালতে। সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
পুলিশ জানায়, কিরিচ বাবুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জবরদখলসহ নগরের বাকলিয়া ও চকবাজার থানায় ২৪টি মামলা রয়েছে।