কিলিমানজারো অভিযানে যাচ্ছেন মুসা ইব্রাহীম
এবার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আগামী ২ সেপ্টেম্বর তিনি এই অভিযানে রওনা হচ্ছেন। তানজানিয়ায় অবস্থিত ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু এ পর্বতাভিযানে মুসার সঙ্গী হচ্ছেন আরও দুই বাংলাদেশি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোরশেদ ও বর্ষীয়ান অ্যাডভেঞ্চারার এম এ সাত্তার। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযানের ঘোষণা দেন মুসা ইব্রাহীম। সংবাদ সম্মেলনে অভিযাত্রীদের শুভেচ্ছা জানাতে আসা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের মুসা ইব্রাহীমকে বাংলাদেশের পর্যটন দূত হিসেবে ঘোষণা করেন। নর্থ আলপাইন ক্লাব-বাংলাদেশ সংবাদ সম্মেলনের আয়োজন করে।মুসা ইব্রাহীম জানান, সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়ায় (সেভেন সামিট) অভিযানের অংশ হিসেবে তাঁরা এবার কিলিমানজারোতে পর্বতাভিযানে যাচ্ছেন। এরপর তাঁরা দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত অ্যাকংকাগুয়া (উচ্চতা ২২ হাজার ৮৩৫ ফুট), উত্তর আমেরিকার মাউন্ট ম্যাকিনলি বা ডেনালি (উচ্চতা ২০ হাজার ৩২০ ফুট), ইউরোপের মাউন্ট এলব্রুস (উচ্চতা ১৮ হাজার ৫১০ ফুট), অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরুর মাউন্ট ভিনসন (উচ্চতা ১৬ হাজার ৬৭ ফুট) ও ওশেনিয়া (অস্ট্রেলিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত কার্সটান্স পিরামিড (উচ্চতা ১৬ হাজার ২৩ ফুট) অভিযানে যাবেন। এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম।সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, ‘সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়বে। এ জন্য মুসা ইব্রাহীমসহ অভিযাত্রীদের অভিনন্দন জানাই। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই অভিযানের মাধ্যমে মুসা ইব্রাহীম বাংলাদেশে পর্যটকদের আমন্ত্রণ জানাবেন। এ জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে পর্যটন দূত হিসেবে ঘোষণা করছি।’ এ সময় মন্ত্রী মুসার হাতে পর্যটন দূতের স্মারক ও তিনজন অভিযাত্রীর হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে তাঁদের শুভ কামনা করেন।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নর্থ আলপাইন ক্লাবের সভাপতি ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, তানজানিয়ার অনারারি কনসাল এম রফিকুল ইসলাম, অভিযাত্রীদের আর্থিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান (স্পন্সর) সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, জে এ এন অ্যাসোসিয়েটস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ এইচ কাফি, আবুল খায়ের গ্রুপের উপ-ব্র্যান্ড ব্যবস্থাপক ইব্রাহিম খলিল, নর্থ আলপাইন ক্লাবের সহসভাপতি পল্লব মোহাইমেন এবং বাকি দুই অভিযাত্রী নিয়াজ মোরশেদ পাটওয়ারি ও এম এ সাত্তার।