কিলিমানজারো জয় করে কাল দেশে ফিরছেন মুসা ইব্রাহীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো জয় করে আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরছেন নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) পর্বতারোহীরা। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম এবং নিয়াজ মোরশেদ পাটওয়ারী ১২ সেপ্টেম্বর ১৯,৩৪০ ফুট উঁচু কিলিমানজারোর উহুরু-শৃঙ্গ জয় করেন। দলের অপর সদস্য এম এ সাত্তার শারীরিক অসুস্থতার কারণে শৃঙ্গ জয় করতে পারেননি। গতকাল মঙ্গলবার মুসা ইব্রাহীম টেলিফোনে এই তথ্য জানান। মুসা ইব্রাহীম জানান, বাংলাদেশের পর্যটন দূত হিসেবে তিনি তানজানিয়ার রাজধানী দার এস সালামে সে দেশের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের পর্যটনের শুভেচ্ছা স্মারক হস্তান্তর করেন। তাঁর সঙ্গে অপর দুই পর্বতারোহী ছিলেন। স্থানীয় হায়দারি প্লাজায় এক অনুষ্ঠানে বাংলাদেশের শুভেচ্ছা স্মারক গ্রহণ করে তানজানিয়ার প্রাকৃতিক সম্পদ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ডোনাটিয়াস এম কে কামাম্বা মুসা ইব্রাহীমকে বাংলাদেশে তানজানিয়ার পর্যটন দূত হিসেবে ঘোষণা করেন। এ সময় দেশটির ভারপ্রাপ্ত পর্যটন পরিচালক জাহোরো এ কিমওয়াগা উপস্থিত ছিলেন। একই দিন দার এস সালামে বসবাসরত বাংলাদেশিরা কিলিমানজারো জয় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানজানিয়ায় বাংলাদেশের কনসাল জেনারেল সদরুদ্দিন শরিফ। সভাপতিত্ব করেন স্থানীয় বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রধান শফিউদ্দীন।