কিলিমানজারো জয়ী পর্বতারোহী দল দেশে ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমানজারো জয় করে দেশে ফিরেছে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) পর্বতারোহী দল। গতকাল বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে এনএসিবি ও তাদের পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম ও নিয়াজ মোরশেদ পাটওয়ারী তানজানিয়ায় অবস্থিত ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু কিলিমানজারোর চূড়া ‘উহুরু পিকে’ বাংলাদেশের পতাকা ওড়ান। অভিযানের অপর পর্বতারোহী এম এ সাত্তার শারীরিক অসুস্থতার কারণে ১৩ হাজার ফুট উচ্চতার বারানকো ক্যাম্প থেকে ফিরে আসেন। তানজানিয়া রওনা হওয়ার আগে মূসা ইব্রাহীমকে পর্যটনমন্ত্রী জি এম কাদের বাংলাদেশের পর্যটন দূত হিসেবে ঘোষণা করেন।বিমানবন্দরে মুসা ইব্রাহীম বলেন, ‘বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গ আরোহণের যে অভিযান চলছে (সেভেন সামিট নামে পরিচিত), কিলিমানজারো জয়ের মধ্য দিয়ে তার দ্বিতীয় ধাপ সম্পন্ন হলো। পরবর্তী লক্ষ্য অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয় করা।’ কিলিমানজারো অভিযানে পৃষ্ঠপোষকতা করেছিল সামিট গ্রুপ, এমিরেটস, শাহ সিমেন্ট, জেএএন অ্যাসোসিয়েটস ও দ্য ডেইলি স্টার।