কিশোর আলো প্রোগ্রামিং ক্লাবের দ্বিতীয় কর্মশালা
কম্পিউটার প্রোগ্রামিংয়ের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো কিশোর আলো প্রোগ্রামিং ক্লাবের দ্বিতীয় কর্মশালা। গতকাল শুক্রবার সিএ ভবনের কিআ সমাবেশকক্ষে আয়োজিত কর্মশালায় অংশ নেয় কিশোর আলোর ৪০ জন পাঠক।
কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াডের কোচ হাসনাইন হেইকেল ও কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ঋদ্ধ রিদওয়ানুল হক ও নাহিয়ান আশরাফ তাঁদের কম্পিউটার ও প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী হয়ে ওঠার কাহিনি তুলে ধরেন। এরপর ভিজ্যুয়াল প্রোগ্রামিং এবং টেক্সট বেইজড প্রোগ্রামিংয়ের পার্থক্য নিয়ে আলোচনা করা হয়। সি/সি++ প্রোগ্রামিং শেখার বিষয়ে হাসনাইন হেইকেল বলেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফোরামের সাহায্য নিয়ে নিজে নিজেও প্রোগ্রামিং ভাষা শিখে ফেলা সম্ভব।
হাসনাইন হেইকেল দেখান স্ক্র্যাচ সাইটের (scratch.mit.edu) মাধ্যমে কীভাবে জন্মদিনের কেকের মোমবাতি জ্বালানোর অ্যানিমেশন তৈরির প্রোগ্রাম বানানো যায়। এর পরে ঋদ্ধ ও নাহিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৈরি ‘আন্ডার দ্য সি’ গেমের আদলে সবাইকে নিয়ে তৈরি করেন ‘নিউটন ব্যাট’ নামের এক মজার গেম।
কর্মশালায় অংশ নেওয়া খুদে শিক্ষার্থী অনন্য বলে, ‘এর আগেও আমি স্ক্র্যাচ প্রোগ্রামিং নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। তখন ভালোভাবে পারিনি। আজকের কর্মশালায় অংশ নিয়ে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে।’
কিশোর আলো প্রোগ্রামিং ক্লাবের কর্মশালা প্রতি মাসে একবার করে হয়। পরবর্তী কর্মশালার তারিখ ও স্থান ঘোষণা করা হবে জুন মাসের কিশোর আলোতে।