কিশোর আলোর জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কিশোর আলো কার্যালয়ে পূজা চেরি রায় l ছবি: প্রথম আলো
কিশোর আলো কার্যালয়ে পূজা চেরি রায় l ছবি: প্রথম আলো
পূজা চেরি রায় পড়ে সপ্তম শ্রেণিতে, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এরই মধ্যে ও পরিচিতি পেয়েছে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে। নাটক-সিনেমায় অভিনয় করে কুড়িয়েছে সুনাম। পূজার আরেকটি পরিচয় হলো ও কিশোর আলোর ভক্ত-পাঠক। শিশু-কিশোরদের জন্য প্রকাশিত মাসিক পত্রিকা কিশোর আলোর আজ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। পূজা জানাচ্ছে ওর কিআ-পাঠের অভিজ্ঞতা

কিশোর আলোর এপ্রিল ২০১৫ সংখ্যাটা আমার জন্য ছিল বিশাল এক আনন্দের খনি। ওই সংখ্যাটা বেরোনোর পর আমি স্কুলে গেলাম। লাইব্রেরিয়ান স্যার এসে সংখ্যাটার একটা পৃষ্ঠা দেখিয়ে বললেন, ‘এটা কে রে?’ পৃষ্ঠাটায় চোখ বোলাতেই আমার এ-কান ও-কান দুকানজুড়ে হাসি! আমাকে নিয়ে আস্ত একটা ফিচার ছাপা হয়েছে কিশোর আলোয়, আমার প্রিয় পত্রিকায়!
তবে আমাকে নিয়ে ফিচার বেরিয়েছে বলেই যে কিআ আমার প্রিয়, তা কিন্তু নয়। আমি বিজ্ঞাপনে অভিনয় করি; তাই আমার অভিনীত বিজ্ঞাপনের ভাষায় বলা যায়, ‘শুধু পড়ি না, আমি কিআতেই ডুবে থাকি!’ কত্ত কিছু থাকে দুই মলাটের ভেতরে! গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, কত রকমের বিষয় নিয়ে বর্ণিল সব ফিচার, কমিকস, গুণীজনদের কথা। এ ছাড়া বিচিত্র সব বিষয়-আশয় নিয়ে মজাদার সব লেখা আর ছবি তো আছেই।
আমি এখন টিন এজার। আমাদের দিনগুলো কাটে অনেক আনন্দে। এর পাশাপাশি অনেক সমস্যাও আছে। সেসবও উঠে আসে কিআয়, সেখান থেকে সমাধানও পেয়ে যাই। সেসব লেখা কেবল আমার জন্যই নয়, আমার মা-বাবাও সমান আগ্রহ নিয়ে পড়েন। বুঝতে পারেন, আমরা কী চাই, আমাদের কী দরকার। আবার আমরাও বুঝতে পারি, কী করলে ভালো হবে। আর পড়াশোনা, ক্যারিয়ার নিয়েও তো চমৎকার সব লেখা পড়েছি কিআয়।
কিআর একেকটা সংখ্যা বেরোলে আমার বন্ধু বারবি, জুহি, বর্ণিল, সুমাইয়া, শ্রাবন্তী, নৌশিন, নাবিলা কিংবা তমার মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। কেবল আমার বন্ধুরাই নয়, আমাদের ইংরেজি শিক্ষিকা সাবনাজ বিনতে সিদ্দিকও কিআর বড় ভক্ত। আমার অনেকগুলো শখ। বাগান করতে ভালো লাগে, সাইকেল চালাই, কবিতা লিখি। আরেকটা বড় শখ হলো বই পড়া। প্রতি মাসে তো অনেকগুলো ভালো বই পাওয়া যায় না। কিন্তু কিআ সেই অভাবটা পূরণ করে দিচ্ছে। আজ কিশোর আলোর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী! দুর্দান্ত একটা ব্যাপার। আমি ও আমার বন্ধুরা চাই, কিআ যুগ যুগ এভাবেই আমাদের আনন্দ দিয়ে যাবে। আরেকটা কথা, কিআর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৬ অক্টোবর ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বসবে ‘কিআনন্দ উৎসব ২০১৫’। সেখানে আসবেন দেশের নামকরা সব লেখক, শিল্পী ও খেলোয়াড়। থাকবে নানা রকম চমক আর অ্যাডভেঞ্চার। গত বছর কিআনন্দ উৎসবে অনেক মজা হয়েছিল। এবার নিশ্চয়ই তার থেকেও বেশি মজা হবে!