কিশোর-কিশোরীদের নিয়ে গল্প বলা ও লেখা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন আমি পনেরো, শিক্ষা আমার প্রথম চাওয়া, আমার আগামী আমিই গড়ব’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে কিশোর-কিশোরীদের গল্প বলা ও লেখা উৎসব। গ্লোবাল অ্যাকশন উইক অব এডুকেশন-২০১৫ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে ওই আয়োজন করে গণসাক্ষরতা অভিযান ও স্পিড ট্রাস্ট।
গতকাল রোববার সকাল ১০টায় নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে বরিশাল বিভাগের ছয় জেলার দুই শতাধিক কিশোর-কিশোরীকে নিয়ে ওই উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী উৎসবের নানা পর্বে অংশ নেয় শিক্ষার সুযোগ পাওয়া, সুযোগবঞ্চিত ও স্কুল থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীরা। তিনটি গ্রুপে ভাগ হয়ে শুরু হয় গল্প বলা ও লেখার উৎসব। যার মধ্য দিয়ে তাঁদের জীবনে বেড়ে ওঠা, শিক্ষা ও আগামীর স্বপ্ন নিয়ে নিজস্ব ভাবনাগুলো উঠে আসে। এগুলো থেকে নয়টি গল্পকে জাতীয় পর্যায়ে উপস্থাপনের জন্য মনোনীত করা হয়।
বেলা দুইটার দিকে অনুষ্ঠিত হয় অভিভাবক, শিক্ষকমণ্ডলী, অতিথি এবং কিশোর-কিশোরীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণ করা হয়।
উৎসবে আয়োজকেরা জানান, সবার জন্য শিক্ষার আন্তর্জাতিক ঘোষণাপত্রের সময় অর্থাৎ ২০০০ সালের ২৬ এপ্রিল যেসব শিশু জন্মগ্রহণ করেছিল, এ বছর তাদের বয়স ১৫ বছর পূর্ণ হয়েছে। এই ১৫ বছরের কিশোর-কিশোরী, যারা শিক্ষার সুযোগ পেয়েছে এবং যারা পায়নি, তাদের নিয়ে গ্লোবাল অ্যাকশন উইক অব এডুকেশন কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে ওই কিশোর-কিশোরীদের শিক্ষার বর্তমান অবস্থা এবং ২০১৫ পরবর্তী ভাবনা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি করার জন্য উৎসবের আয়োজন। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে নয়জন কিশোর-কিশোরীকে বিশেষ পুরস্কার এবং অংশ নেওয়া সবাইকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। অন্যান্যের মধ্যে ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগ বরিশালে বিদ্যালয় পরিদর্শক শংকর কুমার পাল। স্বাগত বক্তব্য দেন স্পিড ট্রাস্টের মিশন হেড এইচ এম শামসুল ইসলাম। গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামূল হক, কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী, গাজী শামসুল আরেফিন, শুভংকর চক্রবর্তী প্রমুখ।