কিশোর তাহেরকে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু তাহের
আবু তাহের

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আবু তাহের ওরফে হৃদয়কে শ্বাসরোধে হত্যা করে লাশ তিতাস নদীতে ফেলে দেওয়া হয়। আবু তাহের নিখোঁজ হওয়ার ঘটনায় গ্রেপ্তার চার তরুণ গতকাল মঙ্গলবার কুমিল্লার আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন।
২১ ডিসেম্বর সন্ধ্যায় আবু তাহের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সে উপজেলার মধ্য আকালিয়া গ্রামের ব্যবসায়ী বশির আহমেদ ওরফে
বাচ্চু মিয়ার একমাত্র ছেলে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর ওই চার তরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন তিতাসের মধ্য আকালিয়া গ্রামের মোহাম্মদ আলী (৩০), রিয়াদ হোসেন (২৫), মহিন আহমেদ (২৪) ও কালাই গোবিন্দপুর গ্রামের সাকিব (২৩)।
এদিকে আবু তাহেরের লাশ উদ্ধার ও খুনিদের বিচারের দাবিতে গতকাল বিকেল চারটায় মধ্য আকালিয়া গ্রামের মানুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাতাকান্দি বাজার ও বাতাকান্দি উচ্চবিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। বশির আহমেদের নেতৃত্বে মিছিলে অংশ নেন বাতাকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন ভূঁইয়া, ভিশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাকির হোসেন সওদাগর, বাতাকান্দি বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম মানিক, জহিরুল ইসলাম রতন প্রমুখ। মিছিল শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
পুলিশ ও আবু তাহেরের পারিবারিক সূত্র জানায়, ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার জন্য প্রতিবেশী মোহাম্মদ আলীদের বাড়ির পাশের মাঠে যায় আবু তাহের। এরপর আর সে ফেরেনি। পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় আবু তাহেরের বাবা বশির আহমেদের মুঠোফোনে ফোন করে বলা হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা দিলে ছাড়া হবে। এরপর রাতে আবারও ফোন করে বলা হয়, টাকা জোগাড় হয়েছে কি না। পরবর্তী সময়ে বশির আহমেদ জানতে চান, কোথায় টাকা পাঠাতে হবে। এরপরই ফোন বন্ধ পাওয়া যায়। ওই রাতেই তিনি তিতাস থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ছেলেকে অপহরণের অভিযোগে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ ডিসেম্বর মোহাম্মদ আলী ও গত সোমবার রিয়াদ, মহিন ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই চার তরুণ পুলিশকে হত্যাকাণ্ডের বিবরণ দেয়। তাঁরা পুলিশকে বলেন, ২০ লাখ টাকার জন্য আবু তাহেরকে অপহরণ করেন মোহাম্মদ আলী ও তাঁর সহযোগীরা। অপহরণের সময়ই মোহাম্মদ আলী শ্বাসরোধে আবু তাহেরকে হত্যা করেন। অন্যরা আবু তাহেরকে চেপে ধরেন। পরে বস্তায় ভরে লাশ হোমনা-বাঞ্ছারামপুর সড়কের সংযোগ সেতুর ওপর থেকে তিতাস নদীতে ফেলে দেওয়া হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ বলেন, ঘটনার সময়ই আবু তাহেরকে শ্বাসরোধে হত্যা করা হয়। গত দুই দিনে তিতাস নদীতে অভিযান চালিয়েও লাশের সন্ধান মেলেনি।
বশির আহমেদ বলেন, ‘আমাকে নিঃসন্তান করার জন্যই পরিকল্পিতভাবে হৃদয়কে অপহরণ করে হত্যা করে গুম করা হয়েছে। আমি এর বিচার চাই।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, চার তরুণের স্বীকারোক্তি অনুযায়ী তিতাস নদী থেকে আবু তাহেরের লাশ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।