কিশোর মিলন হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানিগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) ‘ডাকাত সাজিয়ে’ পিটিয়ে হত্যার মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার (ওসি-ডিবি) উপস্থিতিতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে নোয়াখালীর দুই নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া এ আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী কল্পনা রানী দাস আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আদালত মামলার বাদী শামছুদ্দিন মিলনের মা কোহিনুর বেগম ও তদন্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আতাউর রহমানের বক্তব্য শোনার পর চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
কল্পনা রানী আরও বলেন, ‘এখন থেকে মামলার বাদীকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। আমরা চাই মিলনের মতো একজন নিরপরাধ কিশোরের হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
একই সময় আদালত প্রাঙ্গণে মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগম আদালতের আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, তিনি চার বছর ধরে বিচারের জন্য আদালতে ঘোরাঘুরি করছেন। এখন আদালত যা করে, সে বিষয়ে তাঁর কিছু বলার নেই।
২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নের নিরীহ কিশোর মিলনকে (১৬) ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দেয় ছোট্ট এই কিশোরকে। সেখানে পুলিশের উপস্থিতিতেই গণপিটুনিতে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়াসহ পুরো ঘটনাটির ভিডিওচিত্র প্রকাশিত হলে স্তম্ভিত হয়ে পড়ে প্রশাসনসহ সারা দেশের মানুষ।
এ ঘটনার পর ২০১১ সালের ৩ আগস্ট মিলনের মা কোহিনুর বেগম বাদী হয়ে নোয়াখালীর দুই নম্বর আমলি আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৮ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়। প্রথমে এ মামলার তদন্ত করে স্থানীয় থানা-পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের একাধিক কর্মকর্তা মামলাটি তদন্ত করে।
সর্বশেষ তদন্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আতাউর রহমান মামলার তদন্ত শেষে গত জুলাই মাসের প্রথম দিকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বাদীর মামলা না চালানোর আবেদনের বরাত রয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ‘এজাহারে বর্ণিত ঘটনা সত্য ঘটনা বলিয়া প্রাথমিকভাবে প্রমাণিত হইলেও কে বা কাহারা উক্ত ঘটনা ঘটিয়েছে তা প্রমাণ করার মতো পর্যাপ্ত সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।’

ভবিষ্যতে মামলা প্রমাণ করার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
একই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা ভিডিওচিত্র দেখে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে এজাহারে অভিযুক্ত ২৭ আসামি এবং এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এই ২৭ আসামির মধ্যে শাহ আলম নামে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন।