কিশোর হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় ফারুক হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলো মুনসুর আলী, খোকন, আইয়ুব আলী, সাহেব আলী, আজিজুল ইসলাম ও অসিত কুমার পাল। এদের প্রত্যেকের বাড়ি খোকসা উপজেলার আমলাবাড়ী গ্রামে। রায়ের সময় সব আসামি আদালতে উপস্থিত ছিল। তাদের এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় আমলাবাড়ী গ্রামের মনছের শেখের ছেলে ফারুককে আসামিরা পূর্ববিরোধের জের ধরে আমলাবাড়ী বাজারের দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন সকালে গ্রামে ধানখেতের মধ্যে ফারুকের লাশ স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহত ফারুকের চাচাতো ভাই লিটন হোসেন বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী। আসামিপক্ষের আইনজীবী সিরাজ-উল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।