কিশোর হিমেল হত্যা মামলার রায় কাল

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার চার দিন আগে নিখোঁজ হয় চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ। পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এই সুখবর জানতে পারেনি হিমেল। তার আগেই খুন করা হয় তাকে। ২০১১ সালের ৮ মে পরিচিত কয়েকজন বেড়ানোর কথা বলে চট্টগ্রাম থেকে বান্দরবানে নিয়ে যায় হিমেলকে। পরদিনই তাকে হত্যা করা হয়। তার পরীক্ষার ফল ঘোষণা করা হয় ওই বছরের ১২ মে। আর পুলিশ তার লাশ উদ্ধার করে ১৪ মে। কাল সোমবার হিমেল হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
সম্পত্তির লোভে হিমেলের দূরসম্পর্কের চাচা সুনীল দাশের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার আসামি ছয়জন।
হিমেলকে ঘিরে শিক্ষিকা মায়ের বড় স্বপ্ন ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে। এখন মা পাপিয়া সেনের একমাত্র চাওয়া ন্যায়বিচার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত। বেঁচে থাকলে ওর স্বপ্ন পূরণ হতো। ছেলে খুন হওয়ার পর থেকে আমি ন্যায়বিচারের আশায় দিন গুনছি। সৃষ্টিকর্তার কাছে এখন একমাত্র চাওয়া— সুনীলসহ যারা হিমেলকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’
হিমেলের পরিবার জানায়, ২০১১ সালের ৮ মে বেড়ানোর কথা বলে হিমেলকে মুঠোফোনে ডেকে নিয়েছিল আসামিরা। এরপর থেকে তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ঘটনার চার দিন পর মা পাপিয়া সেনকে ফোন করে এক লাখ টাকা দাবি করেন মামলার এক নম্বর আসামি মাহমুদুল ইসলাম। টাকা দিলে ছেলেকে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। হিমেলদের বাসা থেকে মুক্তিপণ আনতে গেলে স্বজনেরা মাহমুদুলকে আটকে থানায় খবর দেন। পরে পুলিশ মাহমুদুলের দেওয়া তথ্য অনুযায়ী বান্দরবানের দুর্গম নাগাঝিরি পাহাড় এলাকা থেকে হিমেলের লাশ উদ্ধার করে। মাহমুদুলকে জিজ্ঞাসাবাদ করা হলে হিমেলের দূরসম্পর্কের চাচা সুনীলসহ অন্য আসামিদের জড়িত থাকার তথ্য পায় পুলিশ।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করেছেন। সুনীল, মাহমুদুলসহ এই মামলার চার আসামি কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক রয়েছেন।