সাভারে গত শুক্রবার এক কিশোরকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আরেক কিশোর গতকাল রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নিহত কিশোরের নাম খাদেমুল ইসলাম (১৪)। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা লবদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। পরিবারের সঙ্গে খাদেমুল সাভারের বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল গ্রামে বাস করত।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ১৬ ও ২০ বছর বয়সী দুই প্রতিবেশী গত শুক্রবার বিকেলে খাদেমুলকে তার ব্যাটারিচালিত অটোরিকশাসহ সাভারের সুগন্ধা হাউজিংয়ে নিয়ে যায়। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ সেখানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। হাউজিংয়ের বাসিন্দারা খবর দিলে গত শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তখন আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে তার ছেলের লাশ শনাক্ত করেন। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
আবুল বাশার বলেন, প্রতিবেশী হওয়ার সুবাদে তাঁর ছেলের সঙ্গে ওই কিশোরদের ঘনিষ্ঠতা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি দুই প্রতিবেশী কিশোরকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, খাদেমুলকে হত্যার পর ওই দুই কিশোর সেই রাতেই ছিনতাই করা অটোরিকশাটি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে অটোরিকশার মালিক নূর মোহাম্মদ আড়াপাড়া গিয়ে সেটি উদ্ধার করেন। তবে তখন ওই দুই কিশোর পালিয়ে যায়। পরে নূর মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে হাঙ্গাইল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে রংপুরের মিঠাপুকুর থানা-পুলিশ পায়াবতি কৃষ্ণপুর গ্রাম থেকে আরেক আসামিকে গ্রেপ্তার করে।
আবু সাঈদ আরও বলেন, হাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া কিশোরকে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। সেখানে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনুর রহমানের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সাভার থানার ওসি কামরুজ্জামান বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য খাদেমুলকে সুগন্ধা হাউজিংয়ে নিয়ে হত্যা করা হয়।