কিশোরগঞ্জ ও জুড়ীতে বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল মঙ্গলবার বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে ও আরও দুজন আহত হয়েছে৷ আর ইটনায় বজ্রপাতে এক জেলে মারা গেছে ও আরও দুই নারী আহত হয়েছেন৷
একই দিন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে৷
ভৈরবে মারা যাওয়া স্কুলছাত্রের নাম মোহন মিয়া (১৭)৷ সে ভৈরবের শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল৷ ইটনা উপজেলায় মারা যাওয়া জেলের নাম আবদুল হাই (৪০)৷ তিনি ওই উপজেলার রায়টুটি গ্রামের বাসিন্দা৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের তরুণেরা স্থানীয় একটি মাঠে ফুটবল খেলছিলেন। পৌনে তিনটার দিকে সেখানে বজ্রপাতে ঘটনাস্থলে মোহন মারা যায় এবং হযরত আলী ও বাদশা মিয়া আহত হয়৷ আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোহন শিমুলকান্দি গ্রামের আবু বক্করের ছেলে৷
স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে নৌকা নিয়ে ইটনা উপজেলার রায়টুটি গ্রামের আড়ালিয়া খালে মাছ ধরতে যান আবদুল হাই৷ দুপুর একটার দিকে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপর দিকে গতকাল বেলা দেড়টার দিকে একই উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি গ্রামে বজ্রপাতে তালেমা বেগম (৪৫) ও লাহুমা বেগম (২০) নামের দুই গৃহবধূ আহত হন। ওই সময় তাঁরা বাড়ির আঙিনায় কাজ করছিলেন৷ তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানে গতকাল বিকেলে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন, বাগানের পাকাটিলা এলাকার বাসিন্দা চা-শ্রমিক দুখিয়া পাসির ছেলে কুশল পাসি (২৯) ও মনোজ রায়ের ছেলে রতন রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুশল ও রতন বাগানের ডাক্তার বাংলোর কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।